খুলনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ২১ জনের বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে খুলনার একটি আদালতে।
মুখ্য মহানগর হাকিম মো. কেরামত আলীর আদালতে মঙ্গলবার মামলা দু’টি দায়ের করেন এম এ হোসেন এবং এস এস কুন্ডু।
শুনানি শেষে বিচারক মামলা দু’টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।
এম এ হোসেনের মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় এদের মুক্তিযুদ্ধকালে রাজাকার, আলবদর, আল শামস্ ও শান্তিবাহিনীর সদস্য বলে উল্লেখ করা হয়েছে।
এরা হলেন শাহ্ মো. মতিউল্লাহ, আব্দুস সালাম খলিফা, খলিফা আব্দুল খালেক আজিজী, নাসের আহমেদ, আব্দুল মান্নান খালিফা, মো. শরীফ, আব্দুস সোবাহান মিয়া, সালাম শরীফ, কামরুল ইসলাম ও ফিরোজ আহমেদ।
এস এস কুন্ডুর মামলার আসামিরা হলেন শাহ্ মোহাম্মদ মতিউল্লাহ, আসগর ইমাম মল্লিক, খলিফা আব্দুল খালেক আজিজী, আব্দুস সালাম খলিফা, জাফর ছিদ্দিক, গোলাম রব্বানী, মো. আনোয়ার, শেখ ফারুক, সৈয়দ আহমদ আলী, এমএস খান, এমএস ইসলাম, মোসাম্মাৎ খায়রুন নেছা, ফারুক হোসেন ও আব্দুস সামাদ।
এর মধ্যে তিনজন রয়েছেন যারা দুই মামলাতেই আসামি।
মামলার নথি থেকে জানা যায়, আসামিরা মুক্তিযুদ্ধ চলাকালে জেলা শহরসহ বৃহত্তর খুলনা অঞ্চলে ব্যাপক হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, গণধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও প্ররোক্ষভাবে জড়িত ছিলেন।
তাদের অধিকাংশই জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ও প্রভাবশালী হওয়ায় এবং জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি অনুকূল না থাকায় ইতোপূর্বে তাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি।
মামলা দু’টির আইনজীবী হলেন খুলনা জজ আদালতের অতিরিক্ত পিপি হেমন্ত কুমার সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৫ ঘ.
bdnews24