ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে বৈঠকে সাংবাদিক নেতারা দাবি তোলার পর র্যাব সদর দপ্তরে মাহফুজুরকে ডেকে পাঠানো হয়।
র্যাবের মহাপরিচালক মোখলেসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তাকে (মাহফুজুর রহমানকে) দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।”
জিজ্ঞাসাবাদে কী জানা গেছে, সে বিষয়ে কিছু বলেননি এই খুনের বর্তমান তদন্ত সংস্থা র্যাবের প্রধান। হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা দুই মাসেও না হওয়ায় গত এপ্রিলে আদালতের নির্দেশে র্যাব এর তদন্তে আসে।
গত ১১ ফেব্রুয়ারি সাগর ও রুনির খুনের বিষয়টি নিয়ে দুপুরে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে দেখা করেন সাংবাদিক নেতারা।
সেখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এক অংশের সভাপতি আব্দুস শহীদ এই হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে থাকা মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানান।
রুনির প্রতিষ্ঠান এটিএন বাংলার চেয়ারম্যান গত মে মাসে লন্ডনে এক সভায় হত্যাকাণ্ড এবং দুই সাংবাদিকের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করে সাংবাদিক সংগঠনগুলোর ক্ষোভের মুখে পড়েন।
এরপর তাকে জিজ্ঞাসাবাদের দাবি তোলা হলে গত ২১ জুন এটিএন বাংলা কার্যালয়ে গিয়ে মাহফুজকে জিজ্ঞাসাবাদ করে র্যাব।
এরপরও সাংবাদিকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকলে সাংবাদিক নেতাদের বিরুদ্ধে মামলাও করেন মাহফুজ।
সাংবাদিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মাহফুজকে ‘মিডিয়া মুঘল’ অভিহিত করলে বিএফইউজে একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “যাকে মিডিয়া মুঘল বলছেন, তাকে আমরা ইতোমধ্যেই মিডিয়ার শত্রু ঘোষণা করেছি।
“তিনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন-অথচ তার কিছু হবে না। তাহলে এ দেশে আইনের শাসন কোথায়?”
আট মাসেও হত্যারহস্যের কোনো সুরাহা না হওয়ায় সাংবাদিকদের ক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সর্বোচ্চ মনোযোগ দিয়ে র্যাব তদন্ত করছে। তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।”
তিনি আশা করছেন, ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
তদন্তের সর্বশেষ অবস্থা জানতে চাইলে র্যাবের মুখপাত্র এম সোহায়েল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগর-রুনির পোশাকসহ বাসায় পাওয়া বিভিন্ন ধরণের নমুনা এবং চিকিৎসক নারায়ণ চন্দ্র দত্ত হত্যা মামলার চার আসামির পাঠানো ডিএনএর নমুনার প্রতিবেদন মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে এসে পৌঁছেনি।”
এ মাসের শেষ সপ্তাহে প্রতিবেদন আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৯৪১ ঘ.
bdnews24