ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেইসবুকে হত্যার হুমকির অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
অভিযুক্ত হাফিজুর রহমান রানা যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক।
মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ অভিযোগ গঠন করেন। আসামি পক্ষে মামলা থেকে অব্যহতির আবেদন জানানো হলেও বিচারক তা নাকচ করে দেন।
পরে এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ অক্টোবর দিন রাখা হয়।
ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকির’ অভিযোগে গত ২৩ এপ্রিল সরকার সমর্থক সংগঠন ‘জননেত্রী পরিষদের’ সভাপতি এ বি সিদ্দিকী বুয়েট শিক্ষক রানার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি জিডি করেন।
জিডিতে বলা হয়, “ফেইসবুকে এক ‘স্ট্যাটাসে’ রানা লেখেন, ‘হায়েনা ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি..... পারবি না। প্রথমে তোর মাথায় গুলি করব, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টাঙ্গিয়ে রাখবো। যাতে আর কোন হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়’।”
এ বি সিদ্দিকী ভোরের আলো নামে একটি দৈনিক পত্রিকার সম্পাদক।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার জানান, ওই জিডির আলোকে তদন্ত শেষে প্রভাষক হাফিজুরের বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানার পরিদর্শক বিপ্লব কিশোর শীল।
এর আগে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে ফেইসবুকে ‘স্ট্যাটাস’ দেয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে উচ্চ আদালত তলব করে। অস্ট্রেলিয়ায় অবস্থানরত ওই শিক্ষক নির্দেশ না মানায় আদালত অবমাননার জন্য তার ছয় মাসের কারাদণ্ড হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮০৬ ঘ.
bdnews24