ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জের পোশাক ব্যবসায়ী নুরুজ্জামান হত্যা মামলায় তারই পাঁচ কর্মচারীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার দ্রত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মোতাহের হোসেন এই রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- আরিফ ব্যাপারী, শরীফ ব্যাপারী, সজীব ব্যাপারী, ফরহাদ হাওলাদার ও মো. সোহেল। এরা সবাই নুরুজ্জামানের পোশাক কারখানার কর্মচারী ছিলেন।
২০১১ সালের ২৩ আগস্ট কেরানীগঞ্জের কালীগঞ্জের লাকি টাওয়ারের একটি কক্ষে কাপড় কাটার কাঁচি দিয়ে নুরুজ্জামানকে আহত করে আসামিরা। মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয় জনগণ ওই পাঁচ জনকে আটক করে পুলিশে দেয়। ঘটনার দিনই নিহতের স্ত্রী আকলিমা আক্তার বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম গত বছর ৩১ অক্টোবর ওই পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এতে বলা হয়, আসামিরা নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
নিহত নুরুজ্জমানের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায়। আর ফাঁসির আদেশ পাওয়া পাঁচ জনের সবার বাড়ি পটুয়াখালী জেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/জেকে/১৬২৪ ঘ.
bdnews24