চাঁদপুর, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এপ্রিলের মধ্যে দেশের সব জেলা-উপজেলায় রাস্তাঘাট মেরামত শেষে যান চলাচল উপযোগী করা হবে বলে জানিয়ছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “এ লক্ষ্যে আমি উপজেলা পর্যায় সফর শুরু করেছি। রাস্তাঘাট মেরামতের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে জনগণকে স্বস্তি দিতে হবে।”
পাশাপাশি ব্রিজ-কালভার্টের অসমাপ্ত কাজও সম্পন্ন করা হবে বলে জানান।
“আমি রাস্তা সংস্কারে এখনো স্বস্তি পাইনি। অনেক রাস্তাঘাট বেহাল অবস্থায় আছে। বিশেষ করে জেলা শহরগুলোতে অবস্থা খারাপ,” বলেন তিনি।
সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী হাজীগঞ্জের পাতানিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১০ ঘ.
bdnews24