রাঙামাটি, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি কাটিয়ে পাহাড়ি-বাঙালির সম্প্রীতির আহ্বানে ‘শান্তি মিছিল’ হয়েছে রাঙামাটি শহরে।
মঙ্গলবার সকালে পাহাড়ি ও বাঙালির সম্মিলিত এ শান্তি মিছিল শহরের পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
গত শনিবার রাঙামাটি সরকারি কলেজের দুই ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা হাতাহাতিতে গড়ালে এক পর্যায়ে তা শহরজুড়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের রূপ নেয়। এতে সরকারি চিকিৎসক ও সাংবাদিকসহ ৬০জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার দুপুর থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকে এই পার্বত্য শহরে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ কয়েকশ পাহাড়ি ও বাঙালির অংশগ্রহণে এই শান্তি মিছিল শেষে জেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সভা হয়।
জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এ সভায় শনিবারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বক্তারা।
প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার পার্বত্য চট্টগ্রামের শান্তির জন্য ‘অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানান।
সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. সারোয়ার হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পুলিশ সুপার মাসুদ উল-হাসান, চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ সভায় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মাসুদ উল-হাসান সভায় জানান, শান্তি বজায় রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী টহল দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৫৪০ ঘ.
bdnews24