২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যারহস্য উদঘাটন ‘১০ অক্টোবরের মধ্যে’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের কথা বলার সাত মাস পর ১৫ দিনের মধ্যে হত্যারহস্য উদঘাটনের এই আশার কথা বললেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যারহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে র‌্যাবকে এই হত্যাকাণ্ডের তদন্তভার দেয়া হয়েছে। ‘সর্বোচ্চ মনোযোগ’ দিয়ে র‌্যাব তদন্ত করছে। “তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আশা করছি ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে।” গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সাহারা খাতুন বলেছিলেন, খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। এরপর তদন্তে ‘প্রণিধানযোগ্য’ অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেছিলেন পুলিশ মহাপরিদর্শক। কিন্তু এ পর্যন্ত খুনি গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিনেও হত্যা রহস্যের সুরাহা না হওয়ায় উচ্চ আদালত গত এপ্রিল মাসে এ মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছ থেকে র‌্যাবের হাতে দেয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর দুপুরে সাংবাদিকদের তিনটি সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বেশিরভাগ আলোচনাই হয় সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক নেতাদের বলেন, “এই হত্যাকাণ্ডটি অত্যন্ত জটিল। জড়িত অপরাধীদের আগামী মাসের ১০ তারিখের মধ্যে সনাক্ত করতে সক্ষম হব বলে আশা করছি। আবারো বলছি, আমি আশা প্রকাশ করছি।” কোনো ধরনের ভুল যেন না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট জানিয়ে তিনি বলেন, “আমরা যে কোনো লোককে নয়, খুনিকে গ্রেপ্তার করতে চাই। অতীতে জজ মিয়া নাটক দেখেছেন। আমরা অন্যের ওপর মিথ্যা দোষ চাপাতে চাই না। অন্যের মানবাধিকার লঙ্ঘন করতে চাই না।” ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এক অংশের সভাপতি আব্দুস শহীদ এই হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচনার মুখে থাকা এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি যে মিডিয়া মুঘলের কথা বললেন, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। উনি যে ভাষ্য দিয়েছেন, সেই ভাষ্যমতেই যে আমরা এগুচ্ছি, তাও না।” “কোনো ব্যক্তিবিশেষ বা মিডিয়া মুঘলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী নয়,” যোগ করেন তিনি। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “যাকে মিডিয়া মুঘল বলছেন, তাকে আমরা ইতোমধ্যেই মিডিয়ার শত্রু ঘোষণা করেছি। তাকে আপনারা কোথায় জিজ্ঞাসাবাদ করেছেন, তা আমরা জানতে চাই।” “তিনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন-অথচ তার কিছু হবে না। তাহলে এ দেশে আইনের শাসন কোথায়?” বলেন ইকবাল সোবহান। সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূইয়া বলেন, “বাংলাদেশে সাংবাদিক হত্যা মামলার একটিরও বিচার হয়নি।” তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে মহীউদ্দীন খান আলমগীর কুমিল্লা ও খাগড়াছড়িতে দুজন সাংবাদিক হত্যার বিচার সম্পন্ন হওয়ার তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সবশেষে আমি আপনাদের এই বলে আশ্বস্ত করতে চাই যে, সংবাদ মাধ্যমের শত্রু যারা, তারা কোনোভাবেই আমাদের বন্ধু নয়।” সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, চলচ্চিত্রে ইসলাম অবমাননার প্রতিবাদে সোমবার ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রদূত। সোমবার যে যুবকরা বারিধারায় বিক্ষোভ করেছিল, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭২২ ঘ.