২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক নারীকে আটকে রাতভর পুলিশের নির্যাতন

দাবিমতো টাকা না দেয়ায় মাদারীপুরে এক নারীকে আটকে রাতভর নির্যাতনের অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 06:33 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবিমতো টাকা না দেয়ায় মাদারীপুরে এক নারীকে আটকে রাতভর নির্যাতনের অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিত ওই নারী সোমবার মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে ওই মামলাটি দায়ের করেন। ওই নারী যৌনকর্মী হিসেবে পরিচিত। মামলায় মাদারীপুর ১ নম্বর পুলিশ ফাঁড়ির হাবিলদার চুন্নু মোল্লা (৪০) ও মাদারীপুর সদর থানার ক্যাশিয়ার এমরাত হোসেনকে (৪৫) আসামি করা হয়েছে। বাদির আইনজীবী মোহাম্মদ রিন্টু সাংবাদিকদের জানান, দুই পুলিশ সদস্য বিভিন্ন সময়ে চাঁদা ও ভয়ভীতি দেখিয়ে ওই নারীর কাছ থেকে তিন লাখ টাকা নেন। স¤প্রতি আরো টাকা দাবি করেন। “কিন্তু টাকা দিতে অস্বীকার করায় গত ১৫ সেপ্টেম্বর রাতে শহরের পুরান বাজার এলাকা থেকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নিয়ে যায় পুলিশ।” আইনজীবী বলেন, “আটক নারীকে থানায় বা ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়নি। হাবিলদার চুন্নুর বাসায় নিয়ে ওই নারীর হাত-পা-মুখ গামছা দিয়ে বেঁধে রাতভর নির্যাতন চালান হয়। এ সময় জলন্ত সিগারেট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকাও দেয়া হয়।” পরদিন সকালে অজ্ঞান অবস্থায় ওই নারীকে পুরান বাজার এলাকার একটি ডাস্টবিনের পাশে ফেলে রাখা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে স্থানীয়রা ওই নারীকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে এ ব্যাপারে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি বলে জানান আইনজীবী। নির্যাতিত নারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মামলা উঠিয়ে নেয়ার জন্য দুই পুলিশ সদস্য নানাভাবে তাকে হুমকি দিচ্ছে। মাদারীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল জানান, অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০০২৪ ঘ.