২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নতুন এলাকা প্লাবিত

উজান থেকে আসা ঢল ও ভারী বর্ষণে বগুড়ায় যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দী উপজেলার আরো নতুন এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বগুড়া, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে আসা ঢল ও ভারী বর্ষণে বগুড়ায় যমুনা ও বাঙালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দী উপজেলার আরো নতুন এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার দুপুর পর্যন্ত যমুনা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার এবং বাঙালি নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে চন্দন বাইশায় রিং বাঁধ ভেঙ্গে যাওয়ার পর যমুনার পানি কুতুবপুর এলাকা দিয়ে বাঙালি নদীতে গিয়ে পড়ছে। বাঙালির পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সোমবার ৪টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে নতুন করে পানি ঢুকে পড়েছে। বগুড়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রশিদ রাজা জানান, বন্যার পানি প্রবেশ করায় সারিয়াকান্দীর ৪ ইউনিয়নে প্রায় ৬ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে । কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউর রহমান গাজী সাংবাদিকদের জানান, সোমবার দুপুরের পর কুতুবপুর থেকে সারিয়াকান্দি উপজেলার পাকা সড়কের তিন কিলোমিটার রাস্তার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে উপজেলার সঙ্গে চন্দন বাইশা, কুতুবপুর, কামালপুর ও বোহাউল ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চন্দন বাইশা এলাকার আব্দুল হাকিম বলেন, কতুবপুর-চন্দন বাইশা সংযোগ সড়কের সেতুটি বন্যার পানিতে ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কতুবপুর এলাকার কৃষক শাহজাহান মিয়া জানান, তার এক বিঘা জমির সবজি ও ৩ বিঘা জমির রোপা আমন বন্যার পানিতে তলিয়ে গেছে। বগুড়ার সারিয়াকান্দী-সোনাতলা এলাকার (বগুড়া-১) সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ওই এলাকার কৃষকদের কৃষি পুনর্বাসনের আওতায় আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৩৪ ঘ.