২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বৃদ্ধা খুন

কুমিল্লার চান্দিনা উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চান্দিনা উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার গভীর রাতে মাইজখার গ্রামে এ হামলায় ওই পরিবারের আরো দুজন আহত হন বলে পুলিশ জানিয়েছে। নিহত রাহেলা বেগম (৭০) মাইজখার গ্রামের মৃত লাল মিয়া চৌধুরীর স্ত্রী। তার ছেলে আব্দুল কাদের চৌধুরী সৌদি প্রবাসী। হামলায় আহত কাদেরের স্ত্রী মোর্শেদা বেগম (৩৮) এবং তার মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের øাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী মাহমুদা আক্তারকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চান্দিনা থানার ওসি (তদন্ত) সৈয়দ মোহাম্মদ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে মাইজখার গ্রামে কাদেরের আধাপাকা ঘরের চালের টিন খুলে এক অস্ত্রধারী দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় পরিবারের সবাইকে এলোপাথাড়ি কুপিয়ে বের হয়ে যায়। “বাড়িতে তিন নারীই থাকতেন। সম্পত্তির লোভে পরিবারের সবাইকে হত্যা করতে চেয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে,” বলেন ওসি। হামলায় রাহেলা ঘটনাস্থলেই মারা যান। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এসে থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি। গ্রামপুলিশ মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত মোর্শেদা ও তার মেয়ে মাহমুদাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫০ ঘ.