ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০১৩ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ পুরস্কারের জন্য মনোনয়ন চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আগের স্বাধীনতা পুরস্কার পাওয়া ব্যক্তিদের কাছে গত ১৬ সেপ্টেম্বর চিঠি পাঠানো হয়েছে।
নামের তালিকা নির্ধারিত ছক পূরণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলামের সঙ্গে সরাসরি, টেলিফোনে (৯৫১৩৩০১) অথবা ই-মেইলে (addlsecy_ari@cabinet.gov.bd) যোগাযোগ করতে বলা হয়েছে।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ বেসরকারি সম্মাননা। প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ সম্মাননার জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
১৯৭৭ সালে প্রবর্তিত এই পদক দেয়া হয় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে। চূড়ান্তভাবে মনোনীতদের একটি সোনার পদক ও একটি প্রত্যয়নপত্র দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৪০ ঘ.
bdnews24