নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শিক্ষক তিন ছাত্রকে মারধর করার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি করে।
প্রহৃতরা হচ্ছে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নাঈমুর রহমান দুর্জয়, শাওন, রমজান।
আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী বলেন, “অভিযুক্ত শিক্ষক বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার দুপুরে দুর্জয়, শাওন, রমজানের সঙ্গে বিদ্যালয়ের খণ্ডকালিন শিক্ষক আবু মোতালিবের ভাগ্নে মামুন ও শামিমের বাগবিতণ্ডা হয়।
ভাগ্নেদের নালিশ পেয়ে শিক্ষক মোতালিব বিদ্যালয় সংলগ্ন শহিদ মঞ্জুর স্টেডিয়ামে এসে দুর্জয়, শাওন ও রমজানকে মারধর করে। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রদের উদ্ধার করে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ ও বিচার দাবি করে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।
তবে অভিযুক্ত শিক্ষক আবু মোতালিব সাংবাদিকদের কাছে ওই ছাত্রদের শাসন করার কথা স্বীকার করলেও মারধরের ঘটনা অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩০ ঘ.
bdnews24