হবিগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে আকলিমা আক্তার (২০) নিহত হন। রোববার পুলিশ তার স্বামী শফিক মিয়াকে (২৪) আটক করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, দুই বছর আগে মাধবপুরের এনায়েতপুর গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে আকলিমার সঙ্গে কালিকাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শফিক মিয়ার বিয়ে হয়।
এরপর থেকেই যৌতুকের দাবিতে স্বামী শফিকসহ শ্বশুরবাড়ির লোকজন আকলিমাকে নির্যাতন করতে থাকে।
শনিবার রাত ৩টার দিকে শফিক তার স্ত্রী আকলিমাকে প্রচণ্ড মারধর করে। সঙ্গে সঙ্গে স্থানীয় নুসরা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫০ ঘ.
bdnews24