২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাজীপুর উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই’

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে নিরাপত্তা ঝুঁকির কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই এখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে নিরাপত্তা ঝুঁকির কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই এখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই। বৃস্পতিবার গাজীপুরে তিনি বলেন, “আমজনতা হিসেবে আমি মনে করি, সেনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। জেলা প্রশাসক চাইলে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে যে কোন সময় সেনা মোতায়েন করতে পারবেন।” নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে হবে বলে নিশ্চয়তা দেন জাবেদ আলী। বিকালে উপনির্বাচন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ দিলরুবা খান, এসডিসি সাজিদ আনোয়ার, আঞ্চলিক নির্বাচন ও রিটানিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, র‌্যাব-১ এর সহকারী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কাউছার মাহমুদ, জেলা সিভিল সার্জন হাবিব উল্লাহ। এর আগে নির্বাচন কমিশনার কাপাসিয়া উপজেলা চত্বরে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২১২ ঘ.