২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংক সিবিএ নেতা বরখাস্ত

জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক গাইবান্ধার সাদুল্লাপুর শাখার এক কর্মচারী ও সিবিএ নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 06:27 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক গাইবান্ধার সাদুল্লাপুর শাখার এক কর্মচারী ও সিবিএ নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রায় ১৪ লাখ টাকা জালিয়াতির অভিযোগে সিবিএ নেতা জিল্লুর রহমান চৌধুরীকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয় বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। জিল্লুর সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (আযম-খসরু) গাইবান্ধা জেলা শাখার সভাপতি এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড-এক হিসাবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে শিক্ষকদের চেক বই রেখে দাদন ব্যবসার অভিযোগ রয়েছে। সোনালী ব্যাংক গাইবান্ধা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সামাদ সাংবাদিকদের বলেন, জিল্লুর প্রথমে শিক্ষকদের হিসাব থেকে ১৩ লাখ ৯৫ টাকা ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলামসহ তিনজন শিক্ষকের হিসাব নম্বরে স্থানান্তর করেন। পরে তার কাছে থাকা ওই শিক্ষকদের স্বাক্ষর করা চেক বই দিয়ে তাদের হিসাবে থাকা সব টাকা তুলে নেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জিল্লুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান সামাদ। ঘটনাটি তদন্তে গাইবান্ধা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রমেন্দ্র নাথকে আহ্বায়ক করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ব্যবস্থাপকের যোগসাজশ ছাড়া এই টাকা উত্তোলনের কোনো সুযোগ নেই। কারণ কম্পিউটারের পাসওয়ার্ড অপারেটর এবং ব্যবস্থাপক ছাড়া অন্য কারো জানার কথা নয়। ব্যাংকের ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, ভুলবশত এ ধরনের একটি ঘটনা ঘটেছে এবং তা সমাধান হয়ে গেছে। তবে জিল্লুর রহমান চৌধুরী আত্মসাতের অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৪ ঘ.