ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও হেলথ টেকনোলজিস্টদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক বসে। তা চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিরোধী দলের কর্মকৌশল নিয়ে মতবিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক হয়।
এতে অংশ নেয় - ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রকৌশলী মো. হানিফ, সদস্য সচিব আবিদুর রহমান, উপদেষ্টা বিএনপি দলীয় সাংসদ জেড আই এম মোস্তফা আলী মুকুল, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হযরত আলী, মহাসচিব বিপ্লব উর রহমান বিপ্লব, নার্সেস অ্যাসেসিয়েশনের সভানেত্রী জাহানারা সিদ্দিকী, মহাসচিব শাহান আরা খাতুন, হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেনসহ শতাধিক নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিক-সাহিত্যিক ও কৃষিবিদদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেছেন।
গুলশানে এই মতবিনিময় কর্মসূচি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫৪ ঘ.
bdnews24