গাজীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা এলাকায় ফালু মিয়াকে (৭০) দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে সন্ধ্যায় ফালু মিয়ার ছেলে আব্দুল কাদেরকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আহসান হাবিব বলেন, দুপুরে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে কাদের বাবা ফালু মিয়াকে দা দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই ফালু মিয়া মারা যান। বাবাকে কুপিয়ে কাদের পালিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় মুচার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
ফালু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরেই সংসারের ভাগাভাগি নিয়ে বাবা ও ছেলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.
bdnews24