মানিকগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১১টি বাঁকের মধ্যে আটটি প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে বলে জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী ২০ অক্টোবরের মধ্যে সড়ক বিভাজকসহ বাকি তিনটির এবং কার্পেটিংয়ের কাজ শেষ হবে বলে তিনি জানান।
রোববার দুপুরে এই মহাসড়ক পরিদর্শনকালে মানিকগঞ্জ সদরের মুলজানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এক সময় ঢাকা-আরিচা মহাসড়ক ছিল মৃত্যুফাঁদ। প্রশস্ত করার পর এ সড়কে দুর্ঘটনা অনেক কমে এসেছে।
আগামী ঈদ ও পূজা উপলক্ষে মানুষের যাতে দুর্ভোগ না হয় সেজন্য দেশের সব মহাসড়ক যান চলাচল উপযোগী করার কাজ চলছে বলে তিনি জানান।
আগামী এপ্রিলের মধ্যে দেশের সড়ক ও মহাসড়কের সাড়ে ২১ হাজার কিলোমিটার যান চলাচলের উপযোগী করা হবে, বলেন ওবায়দুল কাদের।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে থাকা বিআরটিএর’র এক নির্বাহী ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ সদরের চরখণ্ড-গোলড়ায় সড়কের পাশে আকিজ টোব্যাকো লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানাও করেন।
বৃহস্পতিবার রাতে ওই কারখানার তামাকের গুদামে আগুন লাগে। পরে পোড়া তামাক সড়কের পাশে ফেলা হয়।
পরিবেশ দূষণের দায়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম এ জরিমানা করেন।
এছাড়া সড়কের পাশে রাখা এসব বর্জ্য ৪৮ ঘন্টার মধ্যে সরানোর নির্দেশ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.
bdnews24