২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপিরিয়র জুডিশিয়াল কমিশন বিল সংসদে

আইনজীবীদের মধ্য থেকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে প্রতি বছরের অন্তত দু’টি মামলা পর্যালোচনার সুপারিশ করে আইন করতে ‘সুপিরিয়র জুডিশিয়াল কমিশন বিল’ সংসদে উত্থাপন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনজীবীদের মধ্য থেকে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে প্রতি বছরের অন্তত দু’টি মামলা পর্যালোচনার সুপারিশ করে আইন করতে ‘সুপিরিয়র জুডিশিয়াল কমিশন বিল’ সংসদে উত্থাপন হয়েছে। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে বেসরকারি বিল হিসাবে এ বিলটি উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। পরে বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকের পদ সংখ্যা নির্ধারণ ও রাষ্ট্রপতির কাছে বিচারক নিয়োগের সুপারিশ করতে সুপিরিয়র জুডিশিয়াল কমিশন গঠন হবে। এই বেসরকারি বিলে আরো বলা হয়েছে, বিচারপতিদের রাজনৈতিক পরিচয় থাকা যাবে না। সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্য থেকে হাই কোর্ট বিভাগের বিচারক বা অতিরিক্ত বিচারক নিয়োগ দিতে হলে সর্বশেষ ১০ বছরের পরিচালিত মামলার মধ্যে হতে প্রতি বছরের অন্তত দুটি মামলার রেকর্ড এবং পেশাগত আচরণ সম্পর্কিত বার কাউন্সিলের প্রতিবেদন পর্যালোচনা করতে হবে। বিলে বলা হয়েছে, “এই আইনের অন্যান্য বিধানে যাই থাকুক না কেন কমিশন হাই কোর্ট বিভাগের বিচারক/অতিরিক্ত বিচারক নিয়োগের ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ নি¤œ আদালতে কর্মরত বিচারকদের মধ্য হতে নিয়োগের সুপারিশ করবে।” আপিল বিভাগের বিচারপতি নিয়োগের কাজটিও বিলে বর্ণিত এই কমিশন করবে। বিলে হাইকোর্ট বিভাগের বিচারক ও অতিরিক্ত বিচারক পদে নিয়োগের যোগ্যতার শর্তে বলা হয়েছে- প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো জাতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের অতীত বা বর্তমান সংশ্লিষ্টতা থেকে মুক্ত থাকতে হবে, শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমস্তরের গ্রেডিং নম্বর থাকতে হবে, আইন বিষয়ে অন্যূন ¯œাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং শপ নেওয়ার দিন বিচারকের বয়স অন্যূন ৫০ বছর হতে হবে। আপিল বিভাগের বিচারক নিয়োগে কমিশন হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির জ্যেষ্ঠতা, বিচারিক দক্ষতা, সততা ও সুনামসহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয় বিশদভাবে বিবেচনা করবে বলে বিলে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত আইনে আরো বলা হয়েছে, কমিশন সাত সদস্য বিশিষ্ট হবে। প্রধান বিচারপতি এর চেয়ারম্যান হবেন। বাকি ছয় সদস্যর মধ্যে থাকবেন, আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারক, হাই কোর্ট বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারক, স্পিকার মনোনীত একজন সংসদ সদস্য, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়শনের সভাপতি। কমিশন হাই পকার্ট বিভাগের বিচারক/অতিরিক্ত বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রতিটি পদের বিপরীতে দুইজন ব্যক্তির নাম বাছাই করে সুপারিশ করবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য যোগ্যতা নির্ধারণ করে আইন প্রণয়নের বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও এ নিয়ে কোনো আইন হয়নি। যে কারণে বিচারক নিয়োগের ক্ষেত্রে সততা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনা অগ্রাধিকার পাওয়ার অভিযোগ উঠেছে এবং বিচারের মান নিয়ে প্রশ্ন উঠছে। বিচারপতি নিয়োগের প্রসঙ্গে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে বলা হয়েছে-“প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।” “কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হইলে, এবং (ক) সুপ্রিম কোর্টে অন্যূন ১০ বছর অ্যাডভোকেট না থাকিয়া থাকিলে; অথবা (খ) বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যূন ১০ বছর কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করিয়া থাকিলে; অথবা (গ) সুপ্রিম কোর্টে বিচারক পদে নিয়োগ লাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত পযাগ্যতা না থাকিয়া থাকিলে ; তিনি বিচারকপদে নিয়োগ লাভের পযাগ্য হইবেন না,” বলা রয়েছে ৯৫(২) অনুচ্ছেদে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩৫৩ ঘ.