ভোলা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সরকারি স্কুলের শিক্ষক ও ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং শিক্ষকরা কর্মবিরতি করেছেন।
সোমবার সকাল ৭টার দিকে স্কুলের কয়েকশ’ শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করে ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দেয়। একইভাবে শিক্ষকরা কর্মবিরতি পালন করে।
গত রোববার ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে এক স্কুল শিক্ষক ও দুই ছাত্রকে আটক করে পুলিশ।
এ আটককে কেন্দ্র করে ভোলায় পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ আরও এক শিক্ষক ও আট ছাত্রকে আটক করে বলে জানায় পুলিশ।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে জানিয়েছেন, রোববার বিকালে পুলিশি হামলায় স্কুলের ছাত্র শিক্ষকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
“হামলায় আহত স্কুলের শিক্ষক মো. আল আমিন, মিথুন বিশ্বাস, তাজুল ইসলাম, রুবেল কান্তি দেবনাথ, আবুল কালাম, জহর লাল দাস ও অফিস সহকারী পরেশ চন্দ্র দাস ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
“ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্কুলের শিক্ষকরা সোমবার কর্মবিরতি পালন করেছে এবং ছাত্ররা ক্লাস বর্জন করেছে।”
ভোলা থানার ওসি সোহরাব আলী জানিয়েছেন, আটককৃত দুই শিক্ষক ও ১০ ছাত্রকে রোববার রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫৩ ঘ.
bdnews24