২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে মা ও মেয়ে জবাই: আরেকজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে মা ও মেয়েকে হত্যার ঘটনায় হিরো মালেক নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে মা ও মেয়েকে হত্যার ঘটনায় হিরো মালেক নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ভোরে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল মালেক ওরফে হিরো মালেক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানতপুরের প্রয়াত রহমত উল্লাহর ছেলে। গত ১৫ অগাস্ট নারায়নগঞ্জ নগরীর পাইকপাড়া আমেনা মঞ্জিলের দোতলার ফ্ল্যাট থেকে মাবিয়া বেগম (৪৬) ও তার মেয়ে সাদিয়া আক্তারের (১২) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। মারিয়ার স্বামী আহম্মেদ আলী সৌদি আরব প্রবাসী। তাদের মেয়ে সাদিয়া শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন। ১৬ অগাস্ট মারিয়ার ভাই নুরুল হুদা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এ নিয়ে এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হল। এর আগে ঢাকার সদর ঘাটের মুন কমপ্লেক্সের মাই সাউন্ড সিডির দোকানের ব্যবস্থাপক আব্দুল সালাম এবং ১৬ অগাস্ট কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। দুপুর ২টায় শহরের পুরাতন কোর্টে র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানি এক সংবাদ সম্মেলনে হিরো মালেককে হাজির করে। কোম্পানির সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজির আহম্মেদ বলেন, হিরো মালেক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- সালামের পরিকল্পনা অনুুযায়ী তিনি ও ওমর ফারুক জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করার পর মা-মেয়েকে জবাই করেন। মাবিয়া বেগম গান লিখতেন। এ সূত্রেই সালামের সঙ্গে তার পরিচয়। কিছুদিন আগে সালাম কানাডা যাওয়া এবং তার বাবার চিকিৎসার জন্য চার লাখ টাকা ধার নেন মাবিয়ার কাছ থেকে। এ টাকা ফেরত না দিতেই সালাম মাবিয়াকে হত্যার পরিকল্পনা করেন। সালাম প্রথমে হিরো মালেককে দায়িত্ব দেন। পরে মালেক খুনের জন্য ওমর ফারুককে ঠিক করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা। হিরোর বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, ১৩ অগাস্ট ওই ফ্ল্যাটে ওমর ফারুক ও হিরো মালেক যায়। রাতে খাবার শেষে তারা জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দু’জনকে খাওয়ায়। রাত ২টায় ফারুক ও হিরো মালেক পরিকল্পনা অনুযায়ী মাবিয়া বেগমকে টিভির সাউন্ড বাড়ানোর কথা বলে তাদের রুমে ডেকে আনে। এ সময় মাবিয়াকে মাথায় পাথর দিয়ে আঘাত করার পর ওমর ফারুক জবাই করে। একইভাবে সাদিয়াকেও জবাই করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৪ ঘ.