নুরুল ইসলাম হাসিব
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষকে দারিদ্র্যে পতিত হওয়া থেকে রক্ষা করা বা পরিবর্তনশীল জনসংখ্যার নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশে ‘সামগ্রিক স্বাস্থ্যসেবা’ ধারণাটি কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন রকফেলার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জিনেত্তে ভেগা।
বাংলাদেশ সফর শেষে ঢাকা ত্যাগের আগে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “স্বাস্থ্য খাতে আপনাদের দারুণ অর্জন আছে, বলিষ্ঠ সুশীল সমাজ এবং একটি খুবই ভাল সরকার ব্যবস্থা আছে আপনাদের। যার অর্থ হলো, ‘সামগ্রিক স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করার মতো সব পরিস্থিতিই আছে আপনাদের।”
রকফেলার ফাউন্ডেশনের ‘ট্রান্সফর্মিং হেলথ সিস্টেম ইনেশিয়েটিভ’ বাস্তবায়নের দায়িত্বে থাকা ভেগা মনে করেন, রাষ্ট্র যদি রাজনৈতিক দায়বদ্ধতার জায়গায় স্পষ্ট থাকে, তাহলে তুলনামূলকভাবে নতুন এ ধারণার বাস্তবায়নে বাজেট কোনো সমস্যা নয়।
“চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করতে হয় বলে বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নেওয়ার বিষয়টি অবহেলিত থেকে গেছে। কিন্তু রোগের জটিল পর্যায়ে হাসপাতালে গিয়ে শেষ পর্যন্ত তাদের অনেক বেশি অর্থই খরচ করতে হয়।”
ভেগা বলেন, ‘ইউনিভার্সাল হেলথ কভারেজ’ বা ‘সামগ্রিক স্বাস্থ্যসেবা’ ধারণার মূল কথাই হলো- কেউ যাতে চিকিৎসা করাতে গিয়ে টাকার অভাবে না পড়েন। অর্থাৎ, স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগের পাশাপাশি এজন্য প্রয়োজনীয় অর্থের নিশ্চয়তাও তাদের দিতে হবে।
ভেগার সাবেক কর্মস্থল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গেলে স্বাস্থ্যবীমার মতো আগাম কিছু আর্থিক নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই থাকতে হবে।
বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারাও এ ধারণা নিয়ে কাজ করছেন। কিন্তু এ দেশের মানুষকে স্বাস্থ্যসেবার ৬৫ শতাংশ খরচই মেটাতে হয় নিজের পকেট থেকে, যে কারণে তাদের মধ্যে ৫ শতাংশ প্রতিবছর দরিদ্রে পরিণত হয়।
বাংলাদেশে রোগীরা সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে বেশ কিছু ওষুধ পেলেও এক্স-রে করা বা রক্ত পরীক্ষা করার মতো প্রতিটি সেবার ক্ষেত্রেই তাদের টাকা দিতে হয়।
অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ হুমায়ূন কবির মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ ধারণার প্রচারকদের ‘ধীরে চলার’ পরামর্শ দেন, কেননা তার আশঙ্কা, এ কার্যক্রম বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।
চিলির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভেগা বলেন, “অনেকেই মনে করেন স্বাস্থ্যবীমা কেবল সম্পদশালী দেশেই সম্ভব। কিন্তু এটা ঠিক না। বাংলাদেশের মতো দেশেও এটা সম্ভব।”
এ প্রসঙ্গে শ্রীলঙ্কা, ভারতের কেরালা রাজ্য, রুয়ান্ডা ও ঘানার দৃষ্টান্ত তুলে ধরেন তিনি, যেসব দেশে মাত্র ১০ বছরেই এ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে।
“বাজেট সবসময় সীমিত। তারপরও আপনি এগোতে পারেন”, বলেন ভেগা।
তিনি বলেন, হাসপাতালে রোগীদের কাছ থেকে সেবার জন্য ‘ফি’ নেওয়াটা খুবই নেতিবাচক বিষয়। কারণ এতে মানুষ হাসপাতালে যেতে নিরুৎসাহিত হয়।
সরকার নিজেও অর্থ সংগ্রহ করে একটি ‘প্রি পেইড’ আর্থিক নিরাপত্তা ব্যবস্থা চালু করতে পারে বলে মত দেন রকফেলার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি বলেন, হাসপাতালে কোনো পরীক্ষা বা সেবার জন্যই মানুষের কাছ থেকে শতকরা ২০ ভাগের বেশি খরচ নেওয়া উচিৎ নয়।
“আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) দীর্ঘদিন থাকার প্রয়োজন হলেও এই খরচ রোগীর আয়ের ৪০ শতাংশের বেশি হওয়া উচিৎ নয়।”
ভেগা বলেন, স্বাস্থ্য সেবার দিক দিয়ে বাংলাদেশের অনেক অগ্রগতি রয়েছে। কিন্তু তারপরও ‘সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ প্রবর্তন জরুরি, কেননা এর সঙ্গে মাতৃত্ব ও শিশুস্বাস্থ্যের বিষয়গুলোও জড়িত।
“সমস্যা হলো, পরিস্থিতি বদলাচ্ছে। সামনে নতুন চ্যালেঞ্জ আসছে, যখন জনগণের জন্য শুধু বিশুদ্ধ পানি কিংবা গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশনই যথেষ্ট হবে না। উদাহরণ হিসেবে হৃদরোগের কথা বলা যেতে পারে।
“এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু প্রাথমিক স্তুরের একটি স্বাস্থ্য সেবা কার্যক্রম থাকলেই চলবে না, স্বাস্থ্যসেবার সব স্তরকেই সেই মানে পৌঁছাতে হবে।”
আর সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাফল্য পেতে হলে রাষ্ট্রের সুস্পষ্ট রাজনৈতিক দায়বদ্ধতা থাকা জরুরি বলে মন্তব্য করেন ভেগা।
“এর অর্থ হলো- পরিকল্পনা থাকতে হবে, সময়সীমা ঠিক করতে হবে এবং কোন পদ্ধতি সঠিক তা বুঝতে পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে।”
স্বাস্থ্য বীমার বিভিন্ন ধরন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের ‘আর্থিক কৌশল’ মডেল অনুসরণ করা হচ্ছে।
জার্মানি, কোস্টা রিকা, মেক্সিকো ও সিঙ্গাপুর কর্মীদের বেতনের একটি অংশ আগেই কেটে রাখা হয় তাদের স্বাস্থ্য সেবায় ব্যবহারের তহবিল তৈরির জন্য। কিন্তু এটা কেবল সে দেশেই সম্ভব, যেখানে জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রাতিষ্ঠানিক চাকরিতে নিয়োজিত।
“আরেকটি উপায় হচ্ছে সরকারের পাওয়া কর থেকে একটি অংশ ব্যবহার করা বা তামাকজাত দ্রব্যের ওপর বসানো করের মতো বিশেষ কর থেকে অর্থ সংগ্রহ করা।
“আর বাংলাদেশের মতো কোনো দেশে, যেখানে চিকিৎসার জন্য আর্থিক নিরাপত্তার কোনো ব্যবস্থাই কার্যকর নেই, যেখানে বহু লোকই অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত, সেখানেও কমিউনিটি স্বাস্থ্য বীমার মতো বিকল্প ব্যবস্থার কথা ভাবা যেতে পারে।”
ভেগা বলেন, কমিউনিটি স্বাস্থ্য বীমা হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে মানুষ স্থানীয়ভাবেই সম্পদ সংগ্রহ করে এবং বীমা ব্যবস্থা গড়ে তোলে।
“আর জাতীয় পর্যায়ে মানুষকে উৎসাহিত করতে জাতীয় প্রিমিয়ামও চালু করা যেতে পারে। যারা সম্পদশালী, তাদের কাছ থেকে বেশি অর্থ আদায় করা যেতে পারে। তখন পুরো জনগোষ্ঠীকে এই ব্যবস্থার অংশীদার হতে উৎসাহিত করার প্রয়োজন হবে। বিশ্বের অনেক দেশেই এটা বাধ্যতামূলক এবং এজন্য আইন করতে হয়েছে।”
এ ধরনের একটি কাঠামো গড়ে তোলার পর তা সঠিকভাবে পরিচালিত হতে দেখলে সব স্তরের মানুষ স্বতস্ফূর্তভাবেই এর অংশ হতে চাইবে বলেও তিনি মনে করেন।
রকফেলার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের পরামর্শ, এই কার্যক্রমের আওতায় বার্ষিক কিছু নির্দিষ্ট রোগ সনাক্তকরণ এবং পর্যবেক্ষণের ব্যবস্থাও যুক্ত করা যেতে পারে। কেননা, তাতে আরো কার্যকরভাবে রোগ প্রতিরোধ করা যাবে এবং জটিল সমস্যাগুলো ধরা যাবে।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন যে, সরকার একটি ‘প্রি পেইড কার্ড’ চালুর চিন্তাভাবনা করছে, যাতে গরিবদের মধ্যেও সবচেয়ে গরিবরাও হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসেবা পেতে পারেন। ভেগার মতে, এ পরিকল্পনার বাস্তবায়ন হলে তা হবে সামগ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে একটি ভাল সূচনা।
বাংলাদেশে স্বাস্থ্য বীমার সবচেয়ে কার্যকর পদ্ধতি খুঁজে বের করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে তহবিল দিয়ে থাকে রকফেলার ফাউন্ডেশন।
ভেগা বলেন, তারা চান বাংলাদেশ এ ‘বৈশ্বিক আন্দোলনে’ সঙ্গে যুক্ত হোক, যাতে সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের পথে অগ্রসর হওয়া যায়।
“তবে সরকার নিজে এ বিষয়ে একমত না হলে এবং দায়বদ্ধতা না থাকলে কিছুই সম্ভব হবে না”, যাগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএমটি/জেকে/১২৪৭ ঘ.
bdnews24