বরগুনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পৌর মেয়র মো. শাহাদাত হোসেন জামিনে ছাড়া পেয়েছেন।
বৃহস্পতিবার তিনটি মামলায় জামিন হওয়ার পর বিকালে মেয়র শাহাদাত বরগুনা জেলা কারাগার থেকে মুক্তি পান বলে জানান তার আইনজীবী কমলকান্তি দাশ।
তিনি জানান, গত ২১ জুন পৌর মেয়রের নেতৃত্বে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অপসারণের দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ হয়। পরদিনই সদর থানার ওসি জাকির হোসেন ফকির এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন।
একই ঘটনায় ২৪ জুন বরগুনা থানায় দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন বরগুনা মুখ্য বিচারিক আদালতের ভারপ্রাপ্ত নাজির আক্তার হোসেন।
এছাড়া মেয়রের বিরুদ্ধে বরগুনা জজ কোর্টের এক নৈশপ্রহরীর দায়ের করা একটি চাঁদাবাজির মামলাও ছিল। এ তিনটি মামলাতেই মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত জুন মাসে।
কমলকান্তি দাস বলেন, গত ২ জুলাই মেয়র হাইকোর্ট থেকে এই তিন মামলায় দু’মাসের আগাম জামিন নেন।
“জামিনেন মেয়াদ শেষে ২ সেপ্টেম্বর বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে ভারপ্রাপ্ত বিচারক মাহমুদুল ইসলাম জামিন না মঞ্জুর করে মেয়র শাহাদাতকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।”
পৌর মেয়রের আইনজীবী আরো জানান, বৃহস্পতিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মামুনুর রশিদ দুটি মামলায় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল ইসলাম একটি মামলায় মেয়রকে জামিন মঞ্জুর করেন।
এদিকে মেয়র বিকালে কারাগার থেকে বের হওয়ার পর আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা তাকে নিয়ে জেলা শহরে মিছিল বের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২১৫ ঘ.
bdnews24