ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটিমাত্র উড়োজাহাজ ইজারা নেওয়া হলেও এ বছর হজ যাত্রীদের পরিবহনে ‘তেমন কোনো’ সমস্যা না হবে না বলে আশা প্রকাশ করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদ।
তবে হজ যাত্রীদের পরিবহনের জন্য বিমানের নিজস্ব বহর থেকে উড়োজাহাজ নেওয়ার কারণে বিমানের নিয়মিত রুটের যাত্রী পরিবহনে কিছুটা সমস্যা হতে পারে বলে তিনি স্বীকার করেছেন।
বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে হজ যাত্রী পরিবহনের প্রস্তুতি বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, এ বছর প্রায় এক লাখ ১৩ হাজার হজ বাংলাদেশি হজের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে অর্ধেক, অর্থাৎ সাড়ে ৫৬ হাজার হজযাত্রী পরিবহন করবে বিমান। এজন্য একটিমাত্র ডিসি-৭৪৭ উড়োজাহাজ ইজারা নেওয়া সম্ভব হয়েছে।
এতে দৈনিক ৫৮২ জন করে যাত্রী পরিবহন করতে পারবে বিমান। এছাড়া হজ যাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বহর থেকেও উড়োজাহাজ ব্যবহার করা হবে।
“এ বিষয়ে বিমানের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। তাই এতে তেমন কোন সমস্যা হবে না। তবে কয়েকটি রুটের নিয়মিত ফ্লাইটের সমস্যা হতে পারে”, বলেন এমডি।
অবশ্য হজ এজেন্সিগুলোর সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব এমএ রশিদ শাহ সম্রাট বলছেন ভিন্ন কথা।
তিনি বলেন, “বিমানের নিশ্চয়তা সত্ত্বেও এখনো প্রায় ১৫ থেকে ১৬ হাজার হজ যাত্রীকে পরিবহনের ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে। কারণ মাত্র একটি উড়োজাহাজ ইজারা নেওয়া হয়েছে। নিয়মিত উড়োজাহাজ দিয়ে তারা হাজযাত্রী পরিবহন করতে চাইলেও পুরনো এসব উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির আশঙ্কা রয়েছে। এতে ফ্লাইট বিপর্যয়ও হতে পারে।”
নাস এয়ারের (ন্যাশনাল এয়ার সার্ভিস) বিরুদ্ধে গত বছর হজ যাত্রী পরিবহনে বিশৃঙ্খলার অভিযোগও করেন তিনি।
তবে হাজযাত্রী পরিবহনের দায়িত্ব পাওয়া তিনটি পরিবহন সংস্থার সব প্রস্তুতি চূড়ান্ত বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মিজানুর রহমান।
সভা শেষে তিনি বলেন, এ বছর দৈনিক ১০টি করে হজ ফ্লাইট ছাড়বে। এর মধ্যে বিমান পাঁচটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স তিনটি ও নাস এয়ার (ন্যাশনাল এয়ার সার্ভিস) দুটি ফ্লাইট পরিচালনা করবে।
থার্ড ক্যারিয়ার না থাকায় এবার ঘোষিত সময়সূচি অনুযায়ী হজযাত্রী পরিবহনে সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
নাস এয়ারের বিরুদ্ধে গত বছর হাজযাত্রী পরিবহনে বিশৃঙ্খলার অভিযোগ স্বীকার করে যুগ্ম-সচিব বলেন, এ বছর তাদের প্রস্তুতি সম্পর্কে আগে থেকেই খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। তারা কোনো বিপর্যয় সৃষ্টি করবে না বলে মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে।
চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ নয় হাজার ৬০৩ জন হজে যাবেন। এর মধ্যে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৪০ হাজার, নাস এয়ার ১৬ হাজার এবং বাকি সব যাত্রী বহন করবে বিমান বাংলাদেশ।
আগামী ১৭ সেপ্টেম্বর বিমান হজযাত্রী পরিবহন শুরু করবে। তাদের হজ ফ্লাইট চলবে ২২ অক্টোবর। বিমানের হজ পরবর্তী ফ্লাইট ১ নভেম্বর শুরু করে ২৯ নভেম্ব^র শেষ করবে।
সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২২ অক্টোবর শেষ হবে। তারা হজ পরবর্তী ফ্লাইট ৩০ অক্টোবর শুরু করে ৩০ নভেম্বর শেষ করবে।
বিমান ইজারা নেওয়া একটি উড়োজাহাজ এবং নিজস্ব বহরে থাকা দু’টি ৭৭৭-৩০০ ইআর এবং দু’টি ডিসি-১০ উড়োজাহাজ দিয়ে এবারে হজযাত্রী পরিবহন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৬৪০ ঘ.
bdnews24