২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বিচার কেনা হয়, বললেন ডিআইজি

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া দাবি করেছেন, দেশে বিচার কেনা হয়। নিয়মতান্ত্রিকভাবে বিচার পাওয়া দেশে প্রায় অসম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:30 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া দাবি করেছেন, দেশে বিচার কেনা হয়। নিয়মতান্ত্রিকভাবে বিচার পাওয়া দেশে প্রায় অসম্ভব। “থানায় যান টাকা, কোর্টে যান টাকা, উচ্চ আদালতে টাকার পরিমাণ আরো বাড়তে থাকবে।” মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশ আয়োজিত সভায় আসাদুজ্জামান এসব কথা বলেন। পুলিশের এই উর্ধতন কর্মকর্তা মনে করেন, এসব পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে গরিব মানুষ বিচার পেতে পারে। সভায় নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জেলা কমিউনিটি পুলিশের সভাপতি কুতুব উদ্দিন আকসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম, বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান, মঞ্জুরুল হক, সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল বারি ভূঁইয়া, জেলা মহিলা পরিষদের সভানেত্রী আঞ্জুমান আরা আকসীর। সভায় আইনজীবি সমিতির সভাপতি আব্দুল বারি ভূঁইয়া অভিযোগ করেন, নারায়ণগঞ্জের কোনো থানায় গেলে পুলিশ নারী নির্যাতনের কোনো মামলা নেয় না। নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠিয়ে দেয়। “আর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে গেলে এটিকে তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। এ তদন্ত করতে গিয়ে ২-৩ মাস সময় লাগে। ফলে বিচার প্রার্থী নারীরা চরম হয়রানীর শিকার হন।” নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, নারায়ণগঞ্জবাসী গোয়েন্দা পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হয়রানির শিকার হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০২৯ ঘ.