২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্র খুনের দায়ে ৩ জনের ফাঁসি

স্কুলছাত্রকে অপহরণ করে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির দন্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুলছাত্রকে অপহরণ করে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির দন্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত। জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা নজীব মঙ্গলবার বিকালে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে জানায় পুলিশ। দণ্ডিতরা হলেন- আমির হোসেন (১৮), নূরে আলম (১৮), রিপন (২১)। আমির চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ মাদারতলী গ্রামের তাজুল ইসলামের ছেলে, নূরে আলম কিশোরগঞ্জের কটিয়াদীর চরকাউনিয়া গ্রামের আরব আলীর ছেলে এবং রিপন টঙ্গীর বাগাড় মহব্বত খার টেকের প্রয়াত লুক মিয়ার ছেলে। এছাড়া একই মামলায় জসিম উদ্দিনকে (২০) যাবজ্জীবন দেওয়া হয়েছে। জসিম পঞ্চগড় সদরের নাককাটি পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্কুলছাত্র হোসেন খান টঙ্গী পৌরসভার পাম্প অপারেটর ফিরোজ খানের ছেলে। সে স্থানীয় নূর মোহাম্মদ খাঁন একাডেমি স্কুলের কেজি শ্রেণির ছাত্র ছিল। ফিরোজ খাঁন টঙ্গীর পাগার এলাকার পরিবার নিয়ে বসবাস করেন। মামালার তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আবুল মনসুর সাংবাদিকদের বলেন, ২০১১ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হোসেন খানকে (৭) বাড়ি থেকে অপহরণ করে শ্বাসরোধে হত্যার পর লাশ টেকের জঙ্গলের পাশে সাবেদ খানের ডোবায় লুকিয়ে রাখা হয়। এ সময় অপহরণকারীরা হোসেনের জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন তারা বাবা টঙ্গী থানায় একটি মামলা করেন। ওসি জানান, ঘটনার পাঁচদিন পর আমিরকে গ্রেপ্তার করা হলে তার স্বীকারোক্তি মোতাবেক ডোবা থেকে হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়। এ বছরের ২৯ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত আমির হোসেন, নূরে আলম ও রিপনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৮ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, ৭ ধারায় যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় বলে জানান তদন্ত কর্মকর্তা। তিনি জানান, এছাড়া জসিম উদ্দিনকে নারী শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দু’বছর সশ্রম কারাদণ্ড এবং ৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু’বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ দণ্ডাদেশ একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। তবে জসিম যে কয়দিন জেলহাজতে ছিল তা দণ্ডাদেশ থেকে বাদ যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১১ ঘ.