২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা: ব্যাংক হিসাবে কর্তৃত্ব হারাল ফারুকপন্থীরা

কাজী ফারুকের পক্ষকে প্রশিকার ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেনের অনুমতি দিয়ে দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। প্রতিপক্ষের আইনজীবীরা বলছেন, এর ফলে ব্যাংক হিসাবে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:14 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী ফারুকের পক্ষকে প্রশিকার ব্যাংক হিসাব ব্যবহার করে লেনদেনের অনুমতি দিয়ে দেওয়া হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। প্রতিপক্ষের আইনজীবীরা বলছেন, এর ফলে ব্যাংক হিসাবে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা চার সপ্তাহের জন্য হাই কোর্টের অন্তর্বর্তী আদেশ স্থগিত করে দেন। কাজী ফারুকের পক্ষের প্রধান নির্বাহী কাজী খাজে আলমের দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ১৩ অগাস্ট হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করে। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রিটকারীকে প্রশিকার পক্ষে এর সব ব্যাংক অ্যাকাউন্টের কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে মাহবুবুল করিমের (প্রতিপক্ষের প্রধান নির্বাহী) পক্ষ লিভ টু আপিল দায়ের করে। আবেদনে একইসঙ্গে হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশে স্থগিতাদেশ চাওয়া হয়। আদালতে মাহবুবুল করিমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং আব্দুল বারেক চৌধুরী। কাজী ফারুকের পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন। আব্দুল বারেক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেম্বার বিচারপতির এই আদেশের ফলে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী হিসাবে মাহবুবুল করিম সংস্থাটির পক্ষে সব ব্যাংক হিসাব পরিচালনা করতে পারবেন। প্রশিকাকে ‘ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে’ ব্যবহারের অভিযোগে এর কর্মীরা ২০০৯ সালে কাজী ফারুকের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করলে পরিচালনা পর্ষদ তাকে সরিয়ে দেয়। বিষয়টি আদালতে গড়ালে প্রশিকার দায়িত্ব পান মাহবুবুল করিম। তিন বছর পর গত ২০ মে দলবল নিয়ে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এ বেসরকারি সংস্থায় দীর্ঘদিন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকারী কাজী ফারুক আহম্মদ। ২০১১ সালের অগাস্টে কাজী ফারুক দলবল নিয়ে প্রশিকা কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হলেও ফারুকপন্থীরা সে সময় সফল হননি। প্রশিকা ছাড়ার পর ঢাকার প্রথম সহকারি জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন কাজী ফারুক। আবেদনে তিনি চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ বেআইনী ঘোষণা এবং প্রশিকায় তার দায়িত্ব পালনে কেউ যাতে বাধা না দিতে পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা চান। আব্দুল বারেক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারিক আদালত নিষেধাজ্ঞা না দিলে কাজী ফারুক এর বিরুদ্ধে জেলা জজের আদালতে ও পরে হাই কোর্টে যান। হাই কোর্ট প্রশিকায় স্থিতাবস্থা দেয়। যা পরে বহাল থাকে সুপ্রিম কোর্টেও। এরপরও তিনি জোরপূর্বক প্রধান কার্যালয় দখল করেছেন। তবে সারা দেশে প্রশিকা মাহবুবুল করিমের নেতৃত্বেই পরিচালিত হচ্ছে। হাই কোর্টের আদেশের পূর্বে ব্যাংক হিসাবও তিনিই পরিচালনা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮১৫ ঘ.