ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে উত্তরা পশ্চিম নামে নতুন একটি থানার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা মহানগরীতে মোট থানা হল ৪৯টি।
মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৪৮ নম্বর ভবনে নতুন এই থানার উদ্বোধন করেন।
প্রায় ৮ বর্গকিলোমিটার এলাকা নিয়ে উত্তরা পশ্চিম থানার আওতায় প্রায় পাঁচ লাখ অধিবাসী রয়েছে। থানাটি ৩,৫,৭,৯,১০,১১,১২,১৩ ও ১৪ নম্বর সেক্টর নিয়ে গঠিত।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, সাধারণ মানুষকে আরো সহজে নিরাপত্তা সেবা দেওয়ার উদ্দেশ্য নতুন থানা গঠন করা হয়েছে। এতে মানুষ উপকার পায়।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক একেএম শহিদুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭১৫ ঘ.
bdnews24