ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন উপাচার্য এসএম নজরুল ইসলাম।
উপাচার্য ও উপ উপাচার্যের কক্ষে হামলা, ভাংচুর ও চুরির অভিযোগ এনে গত রোববার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করে বুয়েট কর্তৃপক্ষ।
উপাচার্য এস এম নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুয়েটের শিক্ষক সমিতি ও শিক্ষামন্ত্রীর বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মামলা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছি।”
উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার গভীর রাতে শিক্ষামন্ত্রী তার বাসায় বুয়েটের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মামলা প্রত্যাহার ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের বিষয়ে মন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরতে রাজি হন শিক্ষকরা।
ইতোমধ্যে মামলা প্রত্যাহার করা হয়েছে কি না জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপাচার্য বলেন, “নির্দেশ দিয়েছি। প্রক্রিয়া শেষ হলে মামলা প্রত্যাহার হবে।”
রোববার রাতে বুয়েটের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কুদ্দুস খান বাদী হয়ে ওই মামলা দুটি দায়ের করেন, যাতে মোট ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে প্রায় একশ জনকে আসামি করা হয়।
উপাচার্য ও উপউপাচার্যের কার্যালয়ে হামলা, ভাংচুর, ৩ লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৪৫২ ঘ.
bdnews24