বাড়ল দ্রুতবিচার আদালতের কার্যক্রমে স্থগিতাদেশের মেয়াদ
বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে স্থগিতাদেশ আরো তিন মাস বাড়িয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচাপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
বিএনপি নেতা ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনের দায়ের করা এক রিটে গত ৬ অগাস্ট হাই কোর্টের একটি বেঞ্চ ৮ সপ্তাহের জন্য ওই ট্রাইব্যুনালের কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। সকালে তারই করা একটি সম্পূরক আবেদনের শুনানি করে আদালত নতুন এই আদেশ দিল।
ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শফিকুল ইসলাম সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হবে না বলে আদালত জানিয়ে দিয়েছে। এই সময়ের মধ্যেই রুলের নিস্পত্তি করতে হবে।
এক প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থগিতাদেশের আগের মেয়াদ এখনো শেষ হয়নি। তারপরও পরে যাতে তাড়াহুড়ো করতে না হয়, তাই আমরা আরো সময় চেয়ে নিলাম। এই আট সপ্তাহের মেয়াদ শেষ হলে এই তিন মাসের স্থগিতাদেশের মেয়াদ শুরু হবে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
গত ৬ অগাস্ট স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি একটি রুলও জারি করেছিল হাই কোর্ট। গেজেট জারি না করে মুখ্য মহানগর হাকিমের দেওয়া আদেশের মাধ্যমে ৫ নম্বর দ্রুত বিচার আদালত গঠন ও বিচারকের এখতিয়ার নির্ধারণ কেন অবৈধ এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারার সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে।
হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল তেজাগাঁও থানায় এ মামলা করা হয়।
ঢাকার দ্রুত বিচার আদালত ৩১ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করে।
