সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে রেললাইনের ওপর থেকে আশঙ্কাজনক অবস্থায় একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে ছয় থেকে সাত বছর বসয়ী ওই মেয়েটিকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে মেয়েটি কথা বলতে না পারায় তার পরিচয় জানা যায়নি।
তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হান শেখ বলেন, নির্যাতনের পর মেয়েটিকে শহরের খেদন সর্দারের মোড় সংলগ্ন চামড়াপট্টির ভিতরের রেললাইনের ওপর আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয়।
“আমাদের ধারণা, মেয়েটি কোনো বাড়িতে গৃহকর্মীর কাজ করত।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, “মেয়েটির অবস্থা দেখে মনে হচ্ছে, কয়েকদিন ধরে তাকে নির্যাতন করা হয়। অবস্থা খারাপ দেখে কেউ তাকে ওই স্থানে ফেলে রেখে যায়।”
গুরুতর আহত শিশুটি কথা বলতে পারছে না জানিয়ে তিনি বলেন, চিকিৎসায় মেয়েটির স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত প্রকৃত তথ্য জানা যাবে না।
প্রত্যক্ষদর্শী আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির মুখম-ল, মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের কারণে তার কান দিয়ে রক্ত ঝরছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/১৩১৪ ঘ.
bdnews24