ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদে অনুর্ধ্ব ১২ বছরের শিশুদের জন্য ‘শিশু গ্যালারি’ চালু হচ্ছে মঙ্গলবার।
সংসদের ১৪ তম অধিবেশনের শুরুর দিন মঙ্গলবার এ গ্যালারির উদ্বোধন ঘোষণা করা হবে।
পঞ্চম শ্রেণির ৪৫ জন ছাত্রীর উপস্থিতিতে শিশু গ্যালারির যাত্রা শুরু হবে। গ্যালারিটি সংসদের ৬ষ্ঠ তলায় প্রধান বিচারপতি ও বাংলাদেশ বেতার বক্সের মাঝামাঝি স্থানে অবস্থিত।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিকাল ৫টায় শিশু গ্যালারি চালুর বিষয়ে সংসদ অধিবেশনে ঘোষণা করবেন স্পিকার আবদুল হামিদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে শিশুরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করতে পারবে। এর আগে অনুর্ধ্ব ১২ বছরের শিশুদের অধিবেশন দেখার কোনো সুযোগ ছিল না।
এখন থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অনুবিভাগের ভিজিট শাখার মাধ্যমে শিশুরা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে পারবে। একসঙ্গে ৫৫জন শিশু সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২০৫৫ ঘ.
bdnews24