২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের ৩০ দিনের মধ্যে আপিল

মন্ত্রিসভায় অনুমোদিত আইন সংশোধনের প্রস্তাবে ট্রাইব্যুনালে রায়ের দিনই যেন তার অনুলিপি আসামি পক্ষ পায়, সেই বিধানও যোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের পর আপিলের সময়সীমা কমিয়ে এই সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আপিলের সময়সীমা কমানোর সঙ্গে সঙ্গে রায়ের দিনই আসামি পক্ষ যেন এর অনুলিপি (সার্টিফায়েড) পায়, সেই বিধানও যোগ করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ (আদালত) (দ্বিতীয় সংশোধন) আইনের’ খসড়া অনুমোদিত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছেন। বর্তমান আইনে ট্রাইব্যুনালে রায়ের পর ৬০ দিন পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে। এটা সংশোধন করে সময়সীমা ৩০ দিন করা হচ্ছে। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিষ্পত্তির ক্ষেত্রে দেরি এড়াতেই যে নতুন করে আইন সংশোধন হচ্ছে, তা স্পষ্ট। সচিব বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে বিবাদি পক্ষের আপিল জমা দেওয়ার সুবিধার জন্যই স্বাক্ষরিত কপি রায়ের দিনই সরবরাহের বিধান করা হয়েছে।” যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১১ নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ আদালতে, এর মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রায়ের সময় ঘনিয়ে এসেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ রয়েছে আরো এক বছর। যুদ্ধাপরাধের বিচার আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। মন্ত্রিসভার বৈঠকে আরো তিনটি আইনের খসড়াসহ চারটি বিষয় অনুমোদন এবং একটি আইনের খসড়া অনুমোদন না করে পরীক্ষা-নিরীক্ষা করে আবার উপস্থাপনের জন্য ফেরৎ পাঠানো হয়েছে। অনুমোদিত অন্য আইনের খসড়ার মধ্যে রয়েছে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধিত) আইন, ২০১২’ এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১২’। অন্যটি হল- ‘ওয়াকফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১২’। প্রথম দুটি খসড়াই সম্প্রতি জারি করা দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্য তৈরি করা হয়েছে। নিয়ম অনুযায়ী, অধ্যাদেশ আকারে জারি করা আইনে জাতীয় সংসদের অনুমোদন নিতে অধ্যাদেশ জারির পরবর্তী সংসদে উপস্থাপন ও অনুমোদন করতে হয়। মন্ত্রিসভা বিসিকের অধীনে সম্প্রতি শেষ হওয়া চারটি দারিদ্র্য বিমোচন প্রকল্পের সমন্বয়ে একটি ‘ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন’ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবটি আগেও মন্ত্রিসভায় ট্রাস্ট আকারে অনুমোদনের জন্য তোলা হয়েছিল। কিন্তু মন্ত্রিসভা একে ফাউন্ডেশন করার জন্য নতুন প্রস্তাব দিতে বলে, জানান মন্ত্রিপরিষদ সচিব। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংক সংশোধন করে গত ২২ অগাস্ট একটি অধ্যাদেশ জারি করা হয়। এতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে প্রক্রিয়া এবং যোগ্যতায় পরিবর্তন আনা হয়। সংশোধিত অধ্যাদেশে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বোর্ডের সঙ্গে আলোচনা করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে বোর্ডের চেয়ারম্যানকে। নির্বাচন কমিটি আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে তিনজনের একটি প্যানেল মনোনীত করে তা ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দেবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এর মধ্য থেকে একজনকে নিয়োগ দেবে পরিচালনা পর্ষদ। গ্রামীণ ব্যাংকের এই অধ্যাদেশ সংশোধনের সমালোচনা করে আসছে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও এর সমালোচনা করেছে। ইউনূসের সমালোচনার সঙ্গে মতৈক্য প্রকাশ করে বিএনপি বলেছে, তারা ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের এই সংশোধনী বাতিল করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২৭ ঘ.