ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বিচারকের বক্তব্যকে কেন্দ্র করে স্পিকারের রুলিং নিয়ে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিলের আবেদনে আগামী ৩০ সেপ্টেম্বর শুনবে সর্বোচ্চ আদালত।
সরকারের ওই আবেদনে হাই কোর্টের রায়ের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। ৩০ সেপ্টেম্বর দিনের কার্যসূচির শুরুতেই বিষয়টি আদালতে উঠবে।
স্পিকার আব্দুল হামিদের রুলিংয়ের বৈধতা নিয়ে দায়ের করা একটি রিট আবেদনের নিস্পত্তি করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ গত ২৪ জুলাই রায় ঘোষণা করেন। পূর্ণাঙ্গ অভিমত ও নির্দেশনাসহ ওই রায় প্রকাশ করা হয় ২৭ অগাস্ট।
রায়ে বলা হয়, একজন বিচারকের সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে স্পিকারের দেওয়া রুলিংয়ের আইনগত কোনো ভিত্তি নেই এবং তা আইনের দৃষ্টিতে অস্তিত্বহীন।
স্পিকারের ওই অভিমতের ‘আইনগত কোনো কার্যকারিতা’ নেই বলেও আদালত জানায়।
“ওই রুলিং সংবিধানের ৯৬ (৫) অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধির সঙ্গে অসঙ্গতিপূর্ণ”, বলা হয় রায়ে।
গত বৃহস্পতিবার স্পিকার আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করে আইনমন্ত্রী শফিক আহমেদ জানিয়েছিলেন, সরকার হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। অবশ্য স্পিকার এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
সরকারের আপিল আবেদনের বিষয়ে চেম্বার বিচারপতির আদেশের পর রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “আদালত আদেশে বলেছে, হাই কোর্টের আদেশে কোনো কার্যাদেশ নাই, ডিক্রি নাই। সুতরাং স্থগিতাদেশ দেওয়ার কিছু নাই।”
হাই কোর্টের রায়ের বিপক্ষে সরকার পক্ষ যেসব যুক্তি দিয়েছে- সেগুলো ‘সত্য নয়’ বলেও দাবি করেন এই আইনজীবী।
“তারা আবেদনে বলেছে, হাই কোর্ট বিবাদীদের কথা না শুনেই নিস্পত্তি করে দিয়েছে। এটা সত্য নয়। আমি অ্যাটর্নি জেনারেলকে কোর্টের বারান্দা দিয়ে ঘুরতে দেখেছি। তার পরামর্শে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বক্তব্য দিয়েছেন।”
সরকার পক্ষে চেম্বার আদালতে শুনানিতে অংশ নেওয়া ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, “রুল ইস্যু না করে হাই কোর্ট যে আদেশ দিয়েছে তাতে মারাত্মক ভুল রয়েছে। এ কারণে আমরা লিভ টু আপিল চেয়েছি। সংসদের কার্যপ্রণালী বিধি এবং সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের বিষয়ও এসেছে।”
হাই কোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মন্তব্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে গত ১৮ জুন সংসদে ওই রুলিং দেন স্পিকার আবদুল হামিদ।
গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে ওই বিতর্কের সূত্রপাত।
সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার সেদিন বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ৫ জুন বলেন, স্পিকারের ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। এরপর সংসদে বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
পরে রুলিংয়ে আবদুল হামিদ বলেন, “হাই কোর্টের একজন মাননীয় বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করে সংসদ সম্পর্কে, আমার সম্পর্কে যে সব মন্তব্য করেছেন তা কোনো বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কি না, আমার সন্দেহ রয়েছে।”
সংসদ সদস্যদের ক্ষোভের প্রতি শ্রদ্ধা রেখে স্পিকার আশা প্রকাশ করেন, ওই বিচারকের অনাকাক্সিক্ষত বক্তব্যের বিষয়ে প্রধান বিচারপতিই পদক্ষেপ নেবেন।
তবে রুল নিস্পত্তি করে দেওয়া রায়ে হাইকোর্ট বলে, রাষ্ট্রের কোনো অঙ্গ যাতে সংবিধানে দেওয়া তার ক্ষমতার সীমা লঙ্ঘন না করে তা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত। ‘বিশেষ অধিকারের সীমা’ সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ব্যাখ্যার ওপর নির্ভর করে। এই ব্যাখ্যার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের এখতিয়ারে। সংসদ তার এই বিশেষ অধিকার নির্ণয়ের ক্ষেত্রে চূড়ান্ত বিচারক হিসাবে নিজেকে দাবি করতে পারে না।
“সংবিধানের ৭ অনুচ্ছেদ জনগণকে সার্বভৌম ক্ষমতা দিয়েছে। জনগণ সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের তিনটি অঙ্গের ক্ষমতার সীমা নির্ধারণ করে দিয়েছে। সংবিধানের সীমার মধ্যে থেকে সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে।”
আদালত বলেছে, স্পিকারের রুলিংয়ে এমন কিছু দেখা যায় না যে বিচারক সংসদের কোনো কার্যধারা চ্যালেঞ্জ করে তার আদালতে বা কোনো আদালতে কোনো প্রশ্ন তুলেছেন। এমনকি সংসদের কার্যধারা চ্যালেঞ্জ করে কোনো মামলা দায়ের বা বিচারাধীন থাকার কথাও স্পিকার তার রুলিংয়ে বলেননি। সুতরাং সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদের কোনো লঙ্ঘন ওই বিচারক করেননি।
সংসদের কার্যপ্রণালী বিধি পর্যালোচনা করে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন বিচারকের আচরণ সংসদের বিবেচনার বিষয় হতে পারে না। সংবিধান ও কার্যপ্রণালী বিধির বিধান অবজ্ঞা করে এ ধরনের আলোচনা বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৫৫ ঘ.
bdnews24