২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো মন্ত্রিসভা ‘দুর্নীতিপরায়ন’ হিসেবে চিহ্নিত: বিএনপি

কথিত দুর্নীতির নানা অভিযোগের প্রেক্ষাপটে সরকারের পুরো মন্ত্রিসভা ‘দুর্নীতিপরায়ন’ হিসেবে চিহ্নিত হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 02:52 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথিত দুর্নীতির নানা অভিযোগের প্রেক্ষাপটে সরকারের পুরো মন্ত্রিসভা ‘দুর্নীতিপরায়ন’ হিসেবে চিহ্নিত হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার এক আলোচনায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। তিনি অবিলম্বে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ারও আহবান জানান। বিকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভায় মির্জা ফখরুল পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির প্রসঙ্গ টেনে সরকারকে পাঠানো বিশ্ব ব্যাংকে চিঠি জনসমক্ষে প্রকাশের দাবি জানান। তিনি বলেন, “সোনালী ব্যাংক থেকে হলমার্কের অর্থ আত্মসাতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলীর নাম এসেছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের নাম এসেছে। “দুর্নীতির সঙ্গে আজ প্রধানমন্ত্রীর আত্বীয়স্বজন, উপদেষ্টা, মন্ত্রীদের নাম এসেছে। সরকারের পুরো মন্ত্রিসভা দুর্নীতিপরায়ন হিসেবে চিহ্নিত হয়ে গেছে। সবার আঙ্গুল এখন প্রধানমন্ত্রীর দিকে। তাই প্রধানমন্ত্রীকে বলব, নৈতিক কারণে পদত্যাগ করুন।’’ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। অতিথি সারিতে বসে আলোচকদের বক্তব্য শুনেন দলের জ্যেষ্ঠ নেতা আর এ গনি, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ফজলুল হক মিলন, ওসমান ফারুক, আবদুল মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, এম কে আনোয়ার, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মাসুদ আহমেদ তালুকদারসহ কেন্দ্রীয়, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাংসদরা। বিরোধী দল অন্দোলন থেকে পিছু হটেছে- সরকারি দলের এই বক্তব্য নাকচ করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। এই দল লগি-বৈঠা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায় না। ইনশাল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে। মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সভাপতি এম এ মালেক ও ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। আলোচনা সভার পর জাসাস এর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪৮ ঘ.