২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা সেবা তদারকিতে এসএমএস

তথ্যযোগাযোগ প্রযুক্তি ও মোবাইল ফোনকে কাজে লাগিয়ে চিকিৎক ও কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রীয় তদারকির আওতায় আনার নতুন পদ্ধতি শুরু হয়েছে দেশের হাসপাতালগুলোতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

নূরুল ইসলাম হাসিব জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যযোগাযোগ প্রযুক্তি ও মোবাইল ফোনকে কাজে লাগিয়ে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্রীয় তদারকির আওতায় আনার নতুন পন্থা অনুসরিত হচ্ছে দেশের হাসপাতালগুলোতে। এর সুফল পেতেও শুরু করেছেন চিকিৎসা প্রার্থীরা। বেশ কয়েকদিন আগে সরেজমিনেই দেখা মিলল সুফলের এই চিত্র। ঘটনাস্থল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা। একজন রোগী অপেক্ষা করছেন চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। অথচ বহির্বিভাগে সংশ্লিষ্ট চিকিৎসকের দেখা নেই, যার আরো চার ঘণ্টা আগেই দায়িত্ব শুরু হয়েছে। তাৎক্ষণিক ‘গাইনি বহির্বিভাগে কোনো চিকিৎসক নেই’ এসএমএস লিখে তা একটি বিশেষ নম্বরে পাঠিয়ে দেন রোগীর সঙ্গে থাকা এক স্বজন। এর কিছুক্ষণের মধ্যে সাড়াও পাওয়া গেল। চিকিৎসক হাজির। এভাবেই হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে কেন্দ্রীয়ভাবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) লাইন ডিরেক্টর অধ্যাপক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসএমএসের মাধ্যমে জনসাধারণ যাতে পরামর্শ ও অভিযোগ জানাতে পারেন সেজন্য আমরা একটি ফোন নম্বরের তালিকা দিয়েছি।” উপজেলা পর্যায় পর্যন্ত দেশের আটশ’ হাসপাতালে প্রতিটি হাসপাতালের জন্য কয়েকটি নম্বরের এ তালিকা রয়েছে বলে জানান তিনি। ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্লোগান নিয়ে সরকার তথ্য সংগ্রহ থেকে শুরু করে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়া পর্যন্ত নানা ক্ষেত্রে তথ্যযোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ব্যবহার চালু করেছে। এ উদ্যোগ সারা দেশে ব্যাপক সাড়া ফেললেও এখনো স্বাস্থ্যখাতে রয়েছে প্রয়োজনীয় বরাদ্দের অভাব। বাংলাদেশে স্বাস্থ্যসেবার জন্য বর্তমানে মাথাপিছু ২১ ডলার ব্যয় করা হয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা ৪৪ ডলারের অর্ধেকেরও কম। অধ্যাপক আজাদ বলেন, “স্বাস্থ্যখাতে জনসাধারণের কাছ থেকে পরামর্শ ও অভিযোগ পাওয়ার ক্ষেত্রে আগের গতানুগতিক নিয়ম ও বর্তমান ব্যবস্থার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে।” “এখন এসব অভিযোগ ও পরামর্শ সরাসরি কেন্দ্রীয় কর্তৃপক্ষের নজরে আসে। আমরাও সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে পারি।” তিনি জানান, হাসপাতালের সেবার মান নিয়ে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি এসএমএস করে তা জানাতে পারছেন। ওই সব এসএমএস দেখার জন্য এমআইএসে কর্মী রয়েছে। তারা বিস্তারিত জানতে প্রথমে এসএমএস প্রদানকারীকে ফোন করবেন এবং সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, “কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাও হস্তক্ষেপ করি।” এ ব্যবস্থা সরকারি হাসপাতালগুলোতে শতভাগ না হলেও একটি মাত্রায় জবাবদিহি নিশ্চিত করতে সহায়তা করছে বলে দাবি করেন অধ্যাপক আজাদ। এই এসএমএস তদারকির দায়িত্বে থাকা ডা. মো. বশিরুল ইসলাম বলেন, তারা প্রতিদিন ২০ থেকে ১০০টি এসএমএস পান। এগুলোর মধ্যে বেশিরভাগই হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ। এ ব্যবস্থাকে ‘নতুন ও চমকপ্রদ’ আখ্যা দিয়েছেন মানবাধিকার কর্মী ও হেলথ মুভমেন্টের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার। তবে এটি এখনো সব জায়গায় তেমন পরিচিত হয়ে উঠতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “এ ব্যবস্থাকে জনপ্রিয় করার উদ্যোগ নিতে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিতে হবে এবং প্রতিটি অভিযোগের ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে এ ব্যবস্থায় তথ্য পাঠাতে জনগণকে উৎসাহী করতে পারে কেন্দ্রীয় কর্তৃপক্ষ।” অবশ্য কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠানোর এটাই একমাত্র পদ্ধতি হওয়া উচিত হবে না বলে মন্তব্য করেন ফরিদা আখতার। তার মতে, সাধারণ মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারে সে পথও উন্মুক্ত রাখতে হবে। ফরিদা আখতারের সঙ্গে একমত প্রকাশ করে অধ্যাপক আজাদ বলেন, “স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ এই সেবাকে জনপ্রিয় করতে চায় না। এর মাধ্যমে তাদের জবাবদিহির মধ্যে পড়তে হবে বলে তাদের আশঙ্কা।” “সবাই যাতে দেখতে পারে এমন একটি জায়গায় নম্বরের তালিকা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।” সমস্যার প্রকৃত চিত্র পেতে তথ্য প্রযুক্তিকে ব্যবহারের এই আধুনিক পন্থা অবলম্বন করা হলেও এখনো জনবল সংকট রয়ে গেছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এএল/২০৩৭ ঘ.