ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের দুটি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে।
শুক্রবার বিকালে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান নতুন ১৭ ও ১৮ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির নিজস্ব অর্থায়নে বাপেক্সের কারিগরি সহায়তায় কূপ দুটি খনন করা হচ্ছে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, আগামী ডিসেম্বর নাগাদ ১৭ নম্বর কূপ খননের কাজ শেষ হবে। এ কূপ থেকে প্রতিদিন ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
“এ সময়ে ১৮ নম্বর কূপ খননের কাজও চলবে। এ থেকেও প্রতিদিন আরো ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা যাচ্ছে,” বলেন তিনি।
১৭ ও ১৮ নম্বর কূপের প্রকল্প পরিচালক ফজলুল হক বলেন, ২০০৯ সাল থেকে কূপ দুটি খননের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়।
প্রসেস প্লান্টসহ কূপ দুটি খননে প্রায় তিনশ’ কোটি টাকা ব্যয় হবে বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের পাঁচটি গ্যাস ক্ষেত্রের ১৬টি কূপ থেকে প্রতিদিন ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24