চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে সৌদি প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে গলাকেটে এবং তার শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপররাজারামপুর কুমারপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- নাসিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তার মেয়ে নীলা (৪)।
সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে নাসিমার পরিবারের দাবি। তাদের অভিযোগের আঙুল নাসিরের ভাইয়ের দিকে।
বৃহস্পতিবার সকালে দুই সন্তানসহ মায়ের বাড়ি দ্বারিয়াপুর যান নাসিমা। প্রতিবন্ধী ছেলে নিরবকে (৮) মায়ের কাছে রেখে বিকালে কুমারপাড়ায় নিজের বাসায় ফেরেন তিনি।
সকালে মেয়ের মোবাইল ফোন বন্ধ পেয়ে নাসিমার মা রাজিয়া খাতুন উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তিনি মেয়ের বাড়ি এসে লাশ দেখতে পান।
রাজিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে মেয়ের বাড়ি এসে গেইট বন্ধ দেখতে পাই। প্রতিবেশীদের সহায়তায় সকাল ৮টার দিকে প্রাচীর টপকে বাড়িতে ঢুকে মেয়ে ও নাতনীর লাশ পাই।”
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নাসিমা ও তার মেয়েকে হত্যা করা হয়েছে।
নাসিমার মামা মাহবুব আলী জানান, ১৯৯৮ সালে নাসিমার সঙ্গে নাসিরের বিয়ে হয়। বিয়ের আগেই নাসির তার বড় ভাই মজিবুর রহমানের বাড়ি কিনে নিলেও তিনি ওই বাড়ি ছাড়েননি।
“নাসির সৌদি আরব যাওয়ার পরও তার বড় ভাই বাড়ি ছেড়ে না দিয়ে উল্টো তাদের হুমকি দিয়ে আসছিল। নাসিমা দুই সন্তানকে নিয়ে কুমারপাড়ার বাড়িতে থাকত। তার ভাসুর এবং তার ছেলে-মেয়েরা প্রায়ই তাকে হুমকি দিত,” বলেন তিনি।
হত্যাকাণ্ডের কারণ এই বিরোধই কি না- তা পুলিশ খতিয়ে দেখছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
মজিবুর রহমানের স্ত্রী তোহরা বেগম এবং তার ছেলে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24