২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ, মহেশপুর ও শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঝিনাইদহ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ, মহেশপুর ও শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের জামতলা এলাকায় একটি নসিমন উল্টে এর চালক আইনাল হক (৪০) মারা যান বলে পুলিশ জানিয়েছে। কলেজছাত্র রাশেদ মন্ডল (১৯) নিহত হন শৈলকুপার চড়–ই বিল এলাকায়। ট্রাকের ধাক্কায় একটি নসিমন উল্টে এর যাত্রী রাশেদ মারা যান। দুপুরে মহেশপুরে গরুর গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাওয়ার টিলার আরোহী রফিকুল ইসলাম রফি (১০) নামে একটি শিশু। নিহত আইনুল হক কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে এবং রাশেদ মন্ডল শৈলকুপার শেখপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। রফি মহেশপুর উপজেলার সূর্যদিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামতলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সবজিবোঝাই নসিমন উল্টে গেলে এর চালক আইনাল আহত হন। আইনালকে যশোর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদের প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন জানান, ভোরে কয়েকজন বন্ধু নসিমন নিয়ে বাড়ি ফেরার পথে চড়–ইবিলে পেছন থেকে একটি ট্রাক এটিকে ধাক্কা দেয়। “রাশেদ রাস্তার ওপর ছিটকে পড়লে ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়,” বলেন তিনি। রাশেদকে শেখপাড়া বাজারের একটি ক্লিনিকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাশেদ কুষ্টিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, চড়–ইবিলে ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষে কলেজছাত্র রাশেদ মন্ডল নিহত হন বলে তিনি শুনেছেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পায়নি। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পাওয়ার টিলারের পিছনে চড়ে ছিল রফি। ওই সময় বিপরীত দিক থেকে আসা গরুর গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৭ ঘ.