ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানা পুলিশ তাদের আটক করেছিল।
বৃহস্পতিবার এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ আবু হানিফ আসামিদের হাজির করে ১০ দিনের হেফাজত চান। পরে মহানগর হাকিম কেশব রায় চৌধুরী প্রত্যেকের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পাশাপাশি তাদের জামিন আবেদনও নাকচ করেন তিনি।
রিমান্ডে পাঠানো আট জন হলেন- কেরামত বিন আহমেদ ওরফে মিয়াজি, মো. হামেদ বাহার, মো. আবুল বাশার, মো. রশিদ, মো. আলম, মো. রহিম, মো. তিতাস ও মো. বনিজ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০১৫ ঘ.
bdnews24