২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি: কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য

আয়কর ফাঁকির মামলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। কোকোকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি আদালতে দাখিল করায় বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক অভিযোগ গঠনের এই তারিখ ধার্য করেন। কোকোর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল গত ১ জুলাই। ওইদিন আসামির পক্ষে সময় চেয়ে আবেদন করলে পরবর্তী দিন ধার্য করা হয় ৫ অগাস্ট। কিন্তু, কোকো বিদেশে থাকায় অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবীরা। তারা যুক্তি দেখান যে, কোকো সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গত ৫ অগাস্ট শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, কোকো পলাতক রয়েছেন। ওইদিন শুনানিতে বিচারক বলেন, মামলার নথিতে থাকা কাগজপত্রের কোথাও কোকো পলাতক এমন কোনো প্রমাণ নেই। এজন্য ৩০ অগাস্টের মধ্যে কোকোকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দেয় আদালত। মামলায় কোকোর বিরুদ্ধে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার উপর প্রযোজ্য কর ফাঁকির অভিযোগ আনা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন ২০১০ সালের ১ মার্চ এ আদালতে মামলাটি দায়ের করেন। গত বছরের ২৩ জুন অর্থপাচার মামলায় কোকোকে ৬ বছর সশ্রম কারাদন্ড দেয় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯২২ ঘ.