চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ এনে দুই বিচারকের আদালত বর্জন করে বিক্ষোভ দেখিয়েছে চট্টগ্রামের আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির ব্যানারে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হকের আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বুধবার সমিতির বিশেষ সাধারণ সভায় নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মাহাবুবুল আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে এই কর্মসূচির সিদ্ধান্ত হয়।
সমিতির সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক অশোক দাশ সাংবাদিকদের বলেন, দুই বিচারককে সরানো না হলে কঠোর আন্দোলনে যাবে আইনজীবী সমিতি।
সমিতির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সমিতির দুর্নীতিবিরোধী সভায় সাধারণ সদস্যরা দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন আইনজীবীরা।
সাধারণ সম্পাদক অশোক দাশ বলেন, “তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর আমরা গত ১১ জুলাই তাদের সরে যেতে এক মাসের আলটিমেটাম দিয়েছিলাম। তারা সরে যাননি, বরং বিভিন্ন আমলার সঙ্গে আঁতাত করে চট্টগ্রামে থেকে যাওয়ার চেষ্টা করছেন তারা।”
সভাপতি দেলোয়ার হোসেন বলেন, সরকারের বিভিন্ন মহলে এই দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
“সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা এই দুই বিচারকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছি,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/১৩১৭ ঘ.
bdnews24