২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরেকজন গ্রেপ্তার হলেই খালাফ হত্যার অভিযোগপত্র’

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডে জড়িত আরেকজনে চিহ্নিত করা গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেই তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডে জড়িত আরেকজনে চিহ্নিত করা গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেই তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দেওয়া হবে। ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরিকে বুধবার একথা বলেছেন মন্ত্রী। এই হত্যাকাণ্ডের তদন্ত এবং অভিযুক্তদের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। মন্ত্রী সাংবাদিকদের জানান, খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে দুজন ইতোমধ্যে আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। “তাদের বক্তব্যে আরো একজন পলাতক অভিযুক্তের নাম পাওয়া গেছে। তাকেও গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্টরা চেষ্টা করছে। তাকে গ্রেপ্তার করা হলেই তদন্ত শেষ করে মামলার অভিযোগপত্র দেওয়া হবে,” বলেন তিনি। সৌদি রাষ্ট্রদূত দেশটির আট সদস্যের একটি নিরাপত্তা দল নিয়ে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে বুধবার রাতে নৈশভোজে অংশ নেওয়ার আমন্ত্রণও জানান। সাহারা বলেন, “খালাফ হত্যা মামলার সার্বিক অগ্রগতি সম্পর্কে তাদের জানানো হয়েছে।” এ হত্যা মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এখন তদন্ত চলছে। অভিযোগপত্র জমা দেওয়ার পর এর বিচার প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে দ্রুত বিচারের মাধ্যমে ঘাতকদের শাস্তি দেওয়া হবে। সৌদি রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “খালাফ হত্যা মামলার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করায় আমরা সন্তুষ্ট। এসব অভিযুক্তকে বিচারের মুখোমুখি করে দ্রুত শাস্তি নিশ্চিতের অনুরোধ করেছি। আশা করি, সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেবে।” সৌদি নিরাপত্তা দলের সদস্যরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈনুদ্দিন খন্দকার ও কামাল উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬৩৮ ঘ.