মুন্সীগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে বিদ্যুতের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা-দোহার সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত ওই সড়কের শ্রীনগর উপজেলার বালাসুর পয়েন্টেএ অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
“অবরোধকালে বিক্ষোভকারীরা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে নানা স্লোগান দেয় এবং ফেস্টুন প্রদর্শন করেন।”
বিক্ষোভকারীরা জানায়, শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ও ভাগ্যকুল ই্উনিয়নের ১০/১২টি গ্রামে অধিকাংশ সময়ে বিদ্যুৎ থাকে না।
‘গত কয়েকদিন রাতে একেবারেই বিদ্যুৎ ছিল না বলেই তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছে।’
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মাহবুুবর রহমান বলেন, “বর্তমানে এ এলাকার চাহিদার তুলনায় বিদ্যুৎ লাইনের ধারণ ক্ষমতা কম থাকায় ঘন ঘন লোড সেডিং করতে হচ্ছে।”
এই এলাকার জন্য ডাবল সার্কিট ৩৩ কিবি লাইন তৈরির প্রক্রিয়া চলছে।
“এটি চালু হলে বিদ্যুতের লোড সেডিং থাকবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২২ ঘ.
bdnews24