২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতা হবে, আশা মজিনার

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সরকারের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে তাতে সফলতা আশা করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সরকারের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে তাতে সফলতা আশা করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। পদ্মা সেতু নিয়ে চলমান জটিলতার মধ্যে তিনি বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করেন। এরপর মজিনা সাংবাদিকদের বলেন, পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলে ওয়াশিংটনও হতাশ হয়েছে। পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে জোর চেষ্টা চলছে। এ নিয়ে আলোচনাও চলছে। চলমান আলোচনায় সন্তোষ প্রকাশ করে মজিনা বলেন, “পদ্মা সেতুতে যখন ঋণ চুক্তি বাতিল হলো তখন আমরা হতাশ হয়েছিলাম। বাংলাদেশের মিত্র হিসেবে ভারত, জাপানের মতো যুক্তরাষ্ট্রও তখন একসঙ্গে কাজ করেছে।” চলমান আলোচনার সফল পরিসমাপ্তি ঘটবে বলে তিনি আশা করেন। পদ্মা সেতু নির্মাণে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে এবং বিশ্ব ব্যাংক তাদের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের দূত। বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতি জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আলোচনা চলছে। এখন ‘ক্রুসিয়াল মোমেন্ট’ চলছে, কিছু বলা ঠিক হবে না।” আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ভারত, জাপানের কাছ থেকে সমর্থন পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আপনারা কাগজে যাই লেখেন না কেন, ‘মোর অর লেস’ ভালো সমর্থন পাচ্ছি আমরা।” পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে বুধবার বিবৃতি দেওয়ার কথা থাকলেও অর্থমন্ত্রী তা স্থগিত করেছেন। সকালে এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুহিত বলেছিলেন, “আমার হাতে এখনো দুই দিন সময় রয়েছে। এরপর আমি কথা বলব।” পদ্মা প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক গত জুন মাসে সরে গেলেও প্রকল্পের অংশীদার এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ায়। প্রকল্পটি রাখতে হলে এই সময়ের মধ্যে বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতায় আসতে হবে সরকারকে। এডিবি ও জাইকার চুক্তির মেয়াদ বাড়াতে অনুরোধ জানানো হবে কি না- জানতে চাইলে দুপুরে মুহিত সাংবাদিকদের বলেন, “করতে পারি। তবে জানি না, আদৌ আমার বলার প্রয়োজন আছে কি না।” ২৯০ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা এডিবি, আইডিবি ও জাইকার। গত বছর সেপ্টেম্বরে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি জানিয়ে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা। তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান। ঈদের ছুটির পর গুঞ্জন শুরু হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান পদত্যাগ করছেন। অর্থমন্ত্রী গত শনিবার বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার সব বাধা-বিপত্তি কেটে যাচ্ছে বলে জানালেও সোমবার একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শর্ত অনুযায়ী পদত্যাগে রাজি না হওয়ায় বিশ্ব ব্যাংকও অর্থায়ন করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫১৪ ঘ.