২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালী হত্যাকাণ্ড: বাদির জেরা ফের পেছাল

বাঁশখালীর সাধনপুরে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বাদি বিমল শীলের জেরা বুধবারও হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালীর সাধনপুরে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বাদি বিমল শীলের জেরা বুধবারও হয়নি। চট্টগ্রাম জেলার তৃতীয় অতিরিক্ত দায়রা জজ সৈয়দা হোসনে আরার আদালতে বাদি বিমল শীলের জেরা হওয়ার কথা ছিল। এ মামলার আসামি নুরুল ইসলামের বোনের মৃত্যুর কারণে সময় আবেদনে বিচারক আগামী ১৫ সেপ্টেম্বর নতুন দিন রেখেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওইদিন বাদিকে পুনরায় জেরা করা হবে। এর আগে গত ২২ অগাস্ট বাদির জেরার দিন থাকলেও বিচারক ছুটিতে থাকায় সেদিন জেরা হয়নি। চাঞ্চল্যকর এ ঘটনায় ৩৭ আসামির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক বন ও পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলামের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি। আগের ধারায় অভিযোগ গঠনের পর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ সাত দফা পেছানো হয়। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে তার দোতলা মাটির ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এতে তিনদিনের নবজাতকসহ ওই পরিবারের ১১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় বেঁচে যাওয়া তেজেন্দ্র শীলের ছেলে ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন। সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা ২০১১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৫১ ঘ.