২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি জাহাঙ্গীর হোসেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে

এ কে এম জহির আহমেদের পদত্যাগের পর শূন্য পদে হাই কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 06:52 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এ কে এম জহির আহমেদের শূন্যস্থানে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জাহাঙ্গীর হোসেনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। একইসঙ্গে অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়া জহির আহমেদের পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন জহির আহমেদ। এর পরপরই বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করে আইন মন্ত্রণালয় তাতে প্রধান বিচারপতির সম্মতি নেয়। ৫৩ বছর বয়সি বিচারপতি জাহাঙ্গীর হোসেন ২০১০ সালে হাই কোর্টে যোগ দেন। এই বিচারক ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। হাই কোর্টে আইনজীবী হিসেবে তিনি কাজ শুরু করেন ১৯৯১ সালে। সাবেক জেলা জজ জহির আহমেদ ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। বিচারপতি মো. নিজামুল হক নেতৃত্বাধীন প্রথম ট্রাইব্যুনালের বিচারকের দায়িত্ব পালন করছিলেন জহির আহমেদ। তিন সদস্যের ওই ট্রাইব্যুনালের অন্য বিচারক হলেন বিচারপতি আনোয়ারুল হক। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন বিচারক ছিলেন তিনজন। বিচার ত্বরান্বিত করতে পরে আরো তিনজনকে নিয়োগ দিয়ে দুটি ট্রাইব্যুনাল করা হয়। বিচারপতি ফজলে কবীর প্রথম ট্রাইব্যুনালে থাকলেও তখন তাকে দ্বিতীয় ট্রাইব্যুনালের প্রধান করা হয়। তার শূন্যস্থানে বিচারপতি নিজামুল হক ও জহির আহমেদের সঙ্গী হন বিচারপতি আনোয়ারুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১২৪৮ ঘ.