২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি মুলতবি

এ কে এম জহির আহমেদের পদত্যাগের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ সব শুনানি রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 05:28 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক এ কে এম জহির আহমেদের পদত্যাগ করার পরদিন বুধবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে-১ এ কোনো কাজ হয়নি। আদালতের কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সকালে এজলাসে বসেন আদালত প্রধান বিচারপতি নিজামুল হক। পদত্যাগী জহিরের পাশাপাশি ছিলেন না অন্য বিচারক বিচারপতি আনোয়ারুল হকও। এদিন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য উপস্থাপন এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষীদের জেরার কথা ছিল। একজন বিচারক দেখে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম শুনানি মুলতবির আবেদন জানান। তবে জহির আহমেদের পদত্যাগের কারণে বর্তমানে আদালত সচল নেই বলে তিনি দাবি করলে তা প্রত্যাখ্যান করে বিচারপতি নিজামুল হক বলেন, বিচারক পদত্যাগপত্র দিলেও তা এখনো গ্রহণ করা হয়নি। আর একজন বিচারক নিয়েও আদালতের কার্যক্রম চলে। এরপর সাঈদীর আইনজীবীরা আইনি প্রশ্নে না গিয়ে দুই বিচারকের অনুপস্থিতিতে শুনানি মুলতবি রাখতে অনুরোধ করেন। তখন বিচারপতি নিজামুল হক রোববার পর্যন্ত সব শুনানি মুলতবি করেন। অসুস্থতার কারণ দেখিয়ে জহির আহমেদ মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। তার শূন্যস্থানে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করে আইন মন্ত্রণালয় মঙ্গলবারই প্রধান বিচারপতির সম্মতি নেয়। সাবেক জেলা জজ জহির আহমেদ ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১১২৩ ঘ.