২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নিয়ে গবেষণার কাঠামো চূড়ান্ত

ভারতের মনিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ বহুমুখী বাঁধ প্রকল্পের সম্ভাব্য প্রভাব সম্পর্কে যৌথ গবেষণা পরিচালনার কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ও ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মনিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ বহুমুখী বাঁধ প্রকল্পের সম্ভাব্য প্রভাব সম্পর্কে যৌথ গবেষণা পরিচালনার কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ও ভারত। মঙ্গলবার নয়া দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন বিষয়ক উপ-দলের প্রথম বৈঠকে টার্সস অ্যান্ড রেফারেন্স চূড়ান্ত করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে প্রস্তাবিত প্রকল্প সম্পর্কিত উপাত্ত ও তথ্যসম্বলিত প্রকল্পের বিস্তারিত প্রতিবেদনের পাঁচটি খ- ভারতের পক্ষ থেকে বাংলাদেশের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। গবেষণার জন্য প্রয়োজন হলে অতিরিক্ত ও সম্পূরক তথ্য-উপাত্তও সরবরাহ করবে বলে জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্খা ও আগের জেআরসি বৈঠকের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে টিপাইমুখ প্রকল্পের উপদলের বৈঠক পরিচালনা করতে উভয় দেশ সম্মত হয়েছে। বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন এবং ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের (গঙ্গা) কমিশনার দেবেন্দ্র শর্মা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দুপক্ষের সম্মতিতে এই উপ-দলের আগামী বৈঠক ঢাকায় অনুষ্ঠানের বিষয়ে উভয় পক্ষ রাজি হয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান নদী মেঘনার পানির মূল উৎস বরাক নদীর ওপর বাঁধ হলে তার বিরূপ প্রভাব এ দেশে পড়বে বলে বিশেষজ্ঞদের শঙ্কা। বাংলাদেশের পাশাপাশি প্রকল্পস্থল ভারতের মনিপুর রাজ্যেও এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। বরাক নদীর টিপাইমুখে ভারতের প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প দেখতে দুই বছর আগে তৎকালীন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের (প্রয়াত) নেতৃত্বে একটি প্রতিনিধি দল টিপাইমুখ রওনা হয়েছিল। ওই সময় বিরূপ আবহাওয়ার কারণে তাদের প্রকল্প এলাকায় নামানো যায়নি বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এসইউ/১১২৭ ঘ.