২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবক খুন, বিক্ষুব্ধ এলাবাসীর ভাংচুর

এক যুবককে খুনের জেরে সাভারের ডগরমোড়া মহল্লায় মঙ্গলবার ব্যাপক ভাঙচুর করেছে এলাকাবাসী। এতে দুইজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

সাভার, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক যুবককে খুনের জেরে সাভারের ডগরমোড়া মহল্লায় মঙ্গলবার ব্যাপক ভাঙচুর করেছে এলাকাবাসী। এতে দুইজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিপেটা করেছে। পুলিশ চারজনকে আটক করেছে। নিহত রবিন খান (২২) পৌর এলাকার ডগরমোড়া মহল্লার সোলেমান খানের ছেলে। পুলিশ তাকে ছিনতাকারী বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এলাকার প্রবাসী আবু সাঈদের ছেলে সেলিম তার বন্ধু রবিনকে তার বাসায় ডেকে আনে। এর কিছু পরেই কয়েকজন দুর্বৃত্ত ওই বাসায় ঢুকে রবিনকে কুপিয়ে হত্যা করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রবিনের বন্ধু ও পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে সেলিমের বাসায় হামলা চালায়। পরে লোকজন সেলিমের বাসায় ও বাসার সামনের বেশ কিছু দোকানপাটে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। চাঁপাইন সড়কের উপরে থাকা কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এরপর সন্ধ্যা ৬টার দিকে কয়েকশ’ লোক লাশ নিয়ে মিছিল করে। পরে শতাধিক পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর পিটুনিতে সেলিম ও তার নানা আব্দুল মজিদ গুরুতর আহত হন। সেলিমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, পুলিশ রবিনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। রবিন চাঁপাইন-ডগরমোড়া এলাকার ছিনতাইকারীদের দলনেতা। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। সেলিমের বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলাম বলেন, তার বাড়ির সব আসবাবপত্র ভেঙ্গে ফেলেছে। এছাড়া তার স্ত্রীর ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। নিহত রবিনের বন্ধু সাইমন বলেন, রবিনকে সেলিম ডেকে তার রুমের নিয়ে কুপিয়ে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪১ ঘ.